একই সময়ে দুপক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি অটল বিহারী উচ্চবিদ্যালয়ে একই সময়ে দুই পক্ষ সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন গত বুধবার সন্ধ্যায় বিদ্যালয় ও আশপাশে ১৪৪ ধারা জারি করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকে।
উপজেলা প্রশাসন, বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একাডেমিক ভবন, যাবতীয় সংস্কারকাজের উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি মোখলেছুর রহমান (লিটন) বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে সভা আহ্বান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূইয়ার উপস্থিত থাকার কথা ছিল।
অপরদিকে কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাদির একই দিন একই স্থানে ও একই সময়ে অভিভাবক সমাবেশের আহ্বান করেন। ওই সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ইয়াকুব আলী ভূইয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
একই স্থানে দুই পক্ষের সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বিদ্যালয় ও আশপাশে ১৪৪ ধারা জারি করেন।
আবদুল কাদির বলেন, ইউনিয়নের লোকজনের টাকায় বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। অর্ধেক টাকাও মোখলেছুর রহমান খরচ করেননি। তিনি ইউনিয়নের নেতা-কর্মীদের উপেক্ষা করে সভা আহ্বান করেন। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মোখলেছুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এক মাস আগেই বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য সভা আহ্বান করা হয়। কিন্তু সভার দুই দিন আগে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা ছাড়াই আবদুল কাদির প্যানেল ঘোষণা করার প্রস্তুতি নেন ও একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকেন।