একই স্থানে আ.লীগ ও বিএনপির সভা ১৪৪ ধারা
কুমিল্লার দাউদকান্দিতে আজ শুক্রবার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি জনসভা ডাকায় জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির সুন্দলপুর, বারপাড়া ও বিটেশ্বর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আজ বিকেলে জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা খন্দকার মারুফ হোসেনের। এদিকে ওই দিন একই সময়ে একই স্থানে সুন্দলপুর, বারপাড়া ও বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল জনসভার আহ্বান করা হয়। এতে প্রধান অতিথি থাকার কথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম সরকারের। সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ উচ্চবিদ্যালয় মাঠে এবং শহীদনগর-চরগোয়ালী সড়কে জনসভা নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন। দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের জনসভা পণ্ড করতে আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে আরেকটি জনসভার আয়োজন করা হয়েছে।’ সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন প্রধান বলেন, এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কেরামত আলী ইউএনওর কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছেন। ইউএনও আনোয়ারুল নাসের বলেন, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।