একই স্থানে আ.লীগের দুই পক্ষের সভা, ১৪৪ ধারা জারি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া বাজারে আওয়ামী লীগের দুই পক্ষ একই সময় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার রাত একটায় ১৪৪ ধারা জারি করে গতকাল রোববার সকাল সাড়ে ছয়টায় মাইকিং করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের পক্ষে লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন রোববার দুপুর ১২টায় কেড়াগাছি ইউপির বোয়ালিয়া বাজার মোড়ে এক কর্মী সমাবেশের ডাক দেন। একই স্থানে ও একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক পক্ষের উপজেলা যুবলীগের সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ কর্মী সমাবেশ আহ্বান করেন। শনিবার বিকেলে শেখ মুজিবুর রহমানের পক্ষে তৈরি মঞ্চ ভেঙে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ বিশ্বাস জানান, যেকোনো ধরনের বিরোধের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রোববার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কেড়াগাছি ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজার এলাকার ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।