একই স্থানে আরেকটি লাশ এবার সতর্ক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব ও রায়পুরা এবং কিশোরগঞ্জের ভৈরব লাগোয়া তিন উপজেলার সীমানা মাড়িয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে গত বুধবার ভেসে আসা দুটি লাশের দায় নিতে হয় রায়পুরা থানা পুলিশকে। এতে মোটেও খুশি হতে পারেনি ওই থানা পুলিশ। তাদের ধারণা, বেলাব কিংবা ভৈরব জলসীমার লাশ তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে একই স্থানে আরেকটি লাশ ভেসে আসার খবরে তাই তারা ছিল বাড়তি সতর্কাবস্থায়।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। গিয়ে দেখে, লাশটি অন্য থানার জলসীমায় ভাসছে। এই অবস্থায় তারা ঘটনাস্থল থেকে আলোকচিত্র ও ভিডিও ফুটেজ নেয়। লাশ যে তাদের জলসীমায় নেই, প্রমাণ হিসেবে ছবির পাশাপাশি স্থানীয় লোকজনকে সাক্ষীও রাখা হয়। একই খবর পেয়ে ছুটে আসে বেলাব থানার ওসির নেতৃত্বে পুলিশ। তারাও একইভাবে ছবি তুলে প্রমাণ রাখে, এই লাশ তাদের জলসীমায় নেই। শুধু তাই নয়, দুই থানার পুলিশ ঠায় দাঁড়িয়ে থাকে। কেউ যেন ঠেলে লাশটি তাদের জলসীমায় পাঠিয়ে দিতে না পারে। পরে ভৈরব থানা পুলিশ লাশের দায়িত্ব স্বীকার করে নেয়। ডাঙায় তুলে আনে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।আগের দিনের ঘটনায় আক্ষেপ করে রায়পুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমেনুল হক প্রথম আলোকে বলেন, আমরা মনে করি, আগের দিন যে দুটি লাশের দায় নিতে হয়েছে, তা আমাদের থানার জলসীমায় ছিল না। আজ যেন অন্যের দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে জন্য সতর্ক ছিলাম। ঘটনাস্থলে গিয়ে ছবি তুলে প্রমাণ রেখেছি। আর খেয়াল রেখেছি, কেউ যেন লাশটি ঠেলে আমাদের জলসীমায় দিতে না পারে।একই মন্তব্য করেন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, আমরাও ছবি তুলে হাতে প্রমাণ রেখেছি, এই লাশ আমাদের জলসীমায় নেই।লাশের দায়িত্ব বুঝে নিয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, আজ (শুক্রবার) যে লাশটি ভেসে আসে, সেটি আমাদের জলসীমায় ছিল। সে কারণে বিনা বাক্যে লাশের দায়িত্ব বুঝে নিই। তিনি বলেন, লাশে পচন ধরেছে, শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।গত বুধবার নরসিংদীর বেলাব ও রায়পুরা এবং কিশোরগঞ্জের ভৈরব লাগোয়া তিন উপজেলার সীমানা মাড়িয়ে বয়ে চলা ব্রহ্মপূত্র নদে দুটি লাশ ভেসে আসে। লাশ দুটির দায়িত্ব নিয়ে তিন থানা পুলিশের মধ্যে টানাহেঁচড়া শুরু হয়। ১২ ঘণ্টা পানিতে ভাসার পর রাত ১২টার পর তিন থানার ওসি ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করে। এ ঘটনা নিয়ে গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ভাসে লাশ, ডোবে মানবতা’ শিরোনামে খবর প্রকাশিত হয়।