একই স্থানে এক ঘণ্টায় ২৪ জন ছিনতাইয়ের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় গত বুধবার দিবাগত রাতে অন্তত ২৪ জন ছিনতাইয়ের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার দিবাগত রাত একটা থেকে দুইটা পর্যন্ত জামতলা হীরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা বলেন, ব্যক্তিগত গাড়িতে করে আসা সশস্ত্র ছিনতাইকারীরা তাঁদের কাছে থাকা টাকা, মুঠোফোনসহ সঙ্গে থাকা ঈদের জন্য কেনা বস্ত্র লুটে নিয়েছে। ছিনতাইয়ের কবল থেকে বাদ পড়েননি রিকশাচালকেরাও।শহরের কালীরবাজার দেওয়ান সুপার মার্কেটের ব্যবসায়ী আবদুল রহিম বলেন, বুধবার রাত একটার দিকে তিনি রিকশাযোগে বাসায় যাওয়ার সময় হীরা কমিউনিটি সেন্টারের সামনে একটি ব্যক্তিগত গাড়ি তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় ওই গাড়ি থেকে ছয় ব্যক্তি নেমে ছিনতাই শুরু করে। সশস্ত্র ব্যক্তিরা অস্ত্রের ভয় দেখিয়ে ওই সড়ক দিয়ে যাওয়া একের পর এক রিকশা আটকে যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নিতে থাকে। তিনি জানান, পরে ছিনতাইয়ের শিকার ২৪ জন রিকশারোহী র‌্যাবের একটি টহল গাড়ি দেখে শহরের চাষাঢ়া তোলারাম কলেজ সংলগ্ন সড়কে জড়ো হন। সূত্র জানায়, পরে র‌্যাব-১১-এর টহল দল ছিনতাই হয়ে যাওয়া মুঠোফোনের নম্বর ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। র‌্যাব-১১-এর উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন বলেন, বুধবার গভীর রাতে ডিএডি হেলালের নেতৃত্বে একটি টহল দল চাষাঢ়া তোলারাম কলেজ মোড়ে গেলে ছিনতাইয়ের শিকার লোকজন তাঁদের কাছে ঘটনা খুলে বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের নাম ও ছিনতাই হওয়া মুঠোফোনের নম্বর লিখে নেয় র‌্যাবের দলটি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। তবু খোঁজখবর নিয়ে বিষয়টি তদন্ত করা হবে।