একই স্থানে একই সময়ে তিনটি সভা!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষ আগামীকাল শুক্রবার একই স্থানে একই সময়ে সভা আহ্বান করেছে। এ নিয়ে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। এদিকে ওই দিন একই সময় ও একই স্থানে মহাজোটের শরিক দল জাসদও আরেকটি সভা আহ্বান করেছে।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আগামীকাল সকাল ১০টায় নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হালিম স্থানীয় আওয়ামী লীগের এক ‘বর্ধিত সভা’ আহ্বান করেন। ওই বিদ্যালয় প্রাঙ্গণে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ নারীনীতি বাস্তবায়নের বিষয়ে এক ‘মতবিনিময় সভা’ আহ্বান করেন। এদিকে ওই দিন একই স্থানে জাসদও নারীনীতির বাস্তবায়ন নিয়ে আরেকটি ‘সভা’ আহ্বান করে।এম এ হালিম বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে একটি মহল তাদের সভা বানচাল করার পাঁয়তারা করছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতামত নিয়েই এ সভা আহ্বান করা হয়েছে। এ বিষয়ে আবদুর রউফের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর পক্ষের অন্যতম নেতা উপজেলা আওয়ামী লীগের সদস্য শীবশংকর দাস বলেন, আবদুর রউফ এখনো বৈধ আহ্বায়ক। তাঁর আহ্বানেই সভা ডাকা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম বলেন, এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলে এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।