একই স্থানে গণপিটুনিতে আরেকজন নিহত
পাবনার ফরিদপুর উপজেলায় গ্রামবাসীর গণপিটুনিতে কাজেম উদ্দিন (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে হাদল ইউনিয়নের হাদল গ্রামের হাদল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। কাজেমের বাড়ি চাটমোহর উপজেলার দুবলাপাড়া গ্রামে।
এর আগে গত রোববার সকালে একইভাবে একই স্থানে সন্ত্রাসী অভিযোগে আবদুল আজিজ (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। গত ৫ আগস্ট একই গ্রামে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তিন তরুণকে।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন করে। তাই অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত।
এলাকাবাসী জানান, উপজেলার অধিকাংশ গ্রামই চরমপন্থী অধ্যুষিত। এর মধ্যে হদল ইউনিয়নে চরমন্থীদের তৎপরতা সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে চরমপন্থীরা গ্রামবাসীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। গ্রামবাসী এই অত্যাচারে অতিষ্ঠ হঠে চরমপন্থীদের প্রতিহত করার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কাজেম উদ্দিন এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত ছিলেন। দুপুর ১২টার দিকে কাজেম গ্রামে ঢোকামাত্র গ্রামবাসী তাঁর পিছু নেন। একপর্যায়ে ওই মাদ্রাসা এলাকায় কাজেমকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন বলেন, নিহত কাজেম উদ্দিন নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল ‘বাহিনী’র নেতা ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।