একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার একই স্থানে একই সময়ে ছাত্রদল সম্মেলন ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ ডাকায় আলীনগর ও এনায়েতনগর ইউনিয়নে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা ছাত্রদল সংবাদ সম্মেলন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল আলীনগর ইউনিয়ন শাখা গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন আহ্বান করে। একই স্থানে, একই সময়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ আয়োজন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম সামচুন নূর জানান, সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে আজিম ১৪৪ ধারা জারি করেন।