একই স্থানে বিএনপি ও আ.লীগের সভা রানীনগরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার ঘোষগ্রাম বাজারে বিএনপি ও আ.লীগ একই স্থানে সভা ডাকায় গতকাল বুধবার বেলা ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল বেলা ১১টার দিকে রানীনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সোবহান ঘোষগ্রাম বাজারসহ আশপাশের এক কিলোমিটার এলাকার মধ্যে যে কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।রানীনগর থানার ওসি শাহারিয়ার খান জানান, গোনা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল হক নওগাঁ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও বিএনপির নেতা নজমুল হককে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেন।এরই অংশ হিসেবে ঘোষগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বেলা তিনটায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ব্যাপারে এলাকায় মাইকিংও করা হয়। একই সঙ্গে গোনা ইউনিয়ন রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি সোলায়মান হোসেন ও সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদগাড়ীতে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের বেদগাড়ী শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ওই মাঠে একই সময়ে সভা আহ্বান করে মঙ্গলবার সন্ধ্যায় মাইকিং করেন। এ অবস্থায় সহিংসতা এড়াতে রানীনগর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।