একই স্থানে বিএনপি ও ছাত্রদলের সভা ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার একই সময়ে বিএনপি ও ছাত্রদল-যুবদলের দুই পক্ষ সভা আহ্বান করায় সেখানে সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জামাল উদ্দিন প্রথম আলোকে জানান, দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা তিনটায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের আমন্ত্রণও জানানো হয়। কিন্তু কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল লোকের কারণে ওই স্থানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে তাঁরা বাধ্য হয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি মাদ্রাসায় সভা, মিলাদ ও কাঙালি ভোজের আয়োজন করেন। উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভূঁঞা অভিযোগ করেন, উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদলের পক্ষ থেকে একই দিন, একই সময় কর্মী সমাবেশ আহ্বান করা হয়। কিন্তু সমাবেশ পণ্ড করার জন্য বিএনপির কতিপয় নেতা একই স্থানে একটি কর্মসূচি ঘোষণা করেন।বিএনপির সাধারণ কর্মী ও সমর্থকেরা জানান, খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দার ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে দুই পক্ষ একই দিনে, একই স্থানে কর্মসূচি দেয়। সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ১৪৪ ধারা জারি করা হয়।