একই স্থানে যুবদল ও যুবলীগের সমাবেশ আহ্বান, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাটে একই স্থানে যুবলীগ ও যুবদলের কর্মী সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ওই আদেশ বলবৎ ছিল। এ কারণে দুই পক্ষের কোনো পক্ষই তাদের কর্মসূচি পালন করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের পক্ষ থেকে তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে শোভাযাত্রা এবং কবিরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে কর্মী সমাবেশ আহ্বান করা হয়। দু-তিন দিন আগে থেকে তারা কর্মসূচি সফল করতে প্রচার-প্রচারণা চালায়। এরই মধ্যে বৃহস্পতিবার রাত থেকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে একই স্থানে কর্মী সমাবেশ আহ্বান করে মাইকিং শুরু হয়। এতে উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়।উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব তানসেন জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরে বেলা তিনটায় তাঁরা শোভাযাত্রা ও সমাবেশের কর্মসূচি দেন। কিন্তু ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একই সময়ে পৌর যুবলীগের কর্মসূচির কথা বলে ১৪৪ ধারা জারির বিষটি জানিয়ে দেওয়া হয়।এ ব্যাপারে কথা বলার জন্য যুবলীগের কোনো নেতাকে পাওয়া যায়নি। পরে একই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজ উল্লাহ প্রথম আলোকে বলেন, যুবলীগের কোনো কর্মসূচির কথা তিনি জানতেন না। বিকেলে লোকমুখে শুনেছেন ১৪৪ ধারার কথা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, একই সময়ে একই স্থানে দুটি সংগঠনের মিছিল-সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ১৪৪ ধারা জারির পর কবিরহাট সরকারি কলেজ ও কবিরহাট উচ্চবিদ্যালয়সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।