একই স্থানে যুবদল যুবলীগের সভা ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুড়া স্কুলমাঠে যুবদল ও যুবলীগ একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় প্রশাসন গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেছে।শৈলকুপা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান জানান, শৈলকুপা পৌর যুবদলের সম্মেলন চতুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা। গত কয়েক দিন ধরে তাঁরা শহরে প্রচার-প্রচারণাও চালিয়েছেন। আগেই প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু বুধবার হঠাৎ যুবলীগ সেখানে সমাবেশ আহ্বান করেছে।পৌর যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা জানান, চতুড়া গ্রামে তাঁদের কর্মী সংগ্রহ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুলমাঠে সভা আহ্বান করা হয়। আগে কেউ সেখানে সভা আহ্বান করেছে এমন তথ্য তাঁদের কাছে নেই।শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমল হক বলেন, দুটি দল একই স্থানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। চতুড়া স্কুলমাঠে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।শৈলকুপা থানার ওসি ছগির মিঞা বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।