একই স্থানে সমাবেশ ডাকায় বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদর এলাকায় জনসংহতি সমিতি (এমএন লারমা) ও জনসংহতি সমিতির (সন্তু লারমার) সমর্থিত নাগরিক কমিটির ব্যানারে একই স্থানে সমাবেশ ডাকায় প্রশাসন আজ সোমবার সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রথমে জনসংহতি সমিতির (সন্তু লারমার) সমর্থিত নাগরিক কমিটির ব্যানারে রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদের সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার অনুমতি চাওয়া হয়। পরে একই স্থানে জনসংহতি সমিতি (এমএন লারমা) ব্যানারে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। এতে এলাকার আইনশৃঙ্খলার স্বার্থে উপজেলা প্রশাসন সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, মূলত জনসংহতি সমিতি (এমএন লারমা) ও জনসংহতি সমিতির (সন্তু লারমার) পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশের অনুমতি দেওয়া মানে সংঘর্ষে লিপ্ত করে দেওয়া।
ইউএনও সুমন চৌধুরী বলেন, উভয় পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।