একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি
বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার বেলা তিনটায় জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা বাজারে প্রশাসন এ আদেশ জারি করে। সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের সঙ্গে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের রাজনৈতিক বিরোধ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের অনুসারী স্থানীয় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন খানের বাড়িতে গত ২০ সেপ্টেম্বর রাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ হামলার প্রতিবাদে তারা খোন্তাকাটা ভ্যান-রিকশাস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
অপর দিকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান জমাদ্দার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারসহ ছয়জন নেতা সম্প্রতি এক মামলায় কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের মুক্তির দাবিতে ওই পক্ষ সমাবেশের ডাক দেয়। দুই পক্ষই বিকেলে মিছিল ও সমাবেশ শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উভয় পক্ষকেই কর্মসূচি পালন না করতে অনুরোধ করে। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন তাৎক্ষণিকভাবে ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে জানতে মোজাম্মেল হোসেন ও কামাল উদ্দিন আকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, আওয়ামী লীগের দুই পক্ষ স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই সমাবেশ আহ্বান করে। দুই পক্ষের মধ্যে সংঘাত এড়াতে ওই স্থানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।