পাঁচ বছর যেতে না-যেতেই রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের একই স্থানে আবারও সংস্কারকাজ শুরু হয়েছে। আগের কাজ নিম্নমানের হওয়ায় সরকারের প্রায় দুই কোটি টাকা গচ্চা গেছে। এখনো যে কাজ হচ্ছে তা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, রংপুর নগরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালটিতে আগে যে কাজ হয়েছে এর মধ্যে তিনটি কালভার্ট ও কেরামতিয়া মসজিদের পাশে সামান্য কিছু জায়গায় কাজ টিকে আছে। এখন নতুন করে ২৩ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় প্রকল্পটি সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) স্থানান্তর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রকৌশলী জানান, আগের সংস্কারকাজ ঠিকমতো হলে সেটি কমপক্ষে ১২ বছর টেকসই হওয়ার কথা।সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৮-০৯ অর্থবছরে শ্যামাসুন্দরী খাল সংস্কার ও শোভাবর্ধন প্রকল্পে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়। তখন ১২ কিলোমিটার খালের পাঁচ কিলোমিটারে রড-সিমেন্ট দিয়ে স্পার বসিয়ে খালের পাড় সংরক্ষণ করা ও তিনটি কালভার্ট নির্মাণ করা হয়। এর মধ্যে নগরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ার সেতু থেকে গোমস্তাপাড়ার সেতু পর্যন্ত এক কিলোমিটার খালের দুই পাড়ে মাটি কেটে স্পার বসিয়ে পাড় সংরক্ষণ করা হয়। কিন্তু এক বছর যেতে না-যেতেই তা ভেস্তে যায়। এ ছাড়া শহরের সিওবাজার এলাকা থেকে ধাপ চেক পোস্ট হয়ে নগরের সার্কিট হাউসের সামনে দিয়ে কেরানিপাড়ার মোড়, সদর হাসপাতালের পেছন দিয়ে সেনপাড়া হয়ে ঠিকাদারপাড়া মোড় পর্যন্ত সাত কিলোমিটার খালের দুই পাড়ে মাটি কেটে সংস্কারে দুই দফায় জামান অ্যান্ড কনস্ট্রাকশন, সবুজ বিপ্লব কনস্ট্রাকশন ও মেসার্স কামাল আকতার নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে। এসব কাজের পুরোটাই ভেস্তে যায়। বর্তমান সিটি করপোরেশন এই তিন প্রতিষ্ঠানের কোনো হদিস দিতে পারেনি।সে সময় সরেজমিনে দেখা যায়, মুন্সিপাড়া সেতু থেকে রেজিস্ট্রার অফিস পর্যন্ত মাত্র কোয়ার্টার কিলোমিটার খালের দুই পাড়ে পাকাকরণ করা হয়েছে। খালের ওইটুকু অংশের কাজ ঠিক আছে এখনো।এদিকে নতুন করে ২৩ কোটি টাকা ব্যয়ে খালের দুই পাড় সংস্কার, খাল খনন ও তিনটি সেতু নির্মাণে গত বছরের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে শুধু খালের পাড়ে মাটি কেটে রড-সিমেন্টের স্পার দিয়ে সংস্কারে ১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। চার কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণ ও তিন কোটি টাকা খাল খননে ব্যয় ধরা হয়েছে। খাল সংস্কারে সিও বাজার এলাকায় সামান্য কাজ শুরু হয়েছে। এ কাজও নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ৩০ জানুয়ারি প্রথম আলোতে ‘রংপুরের শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা: লোক দেখানো কাজ করে সাত কোটি টাকার বিল উত্তোলন!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।বর্তমানে পাড় সংস্কার কাজের চারজন ঠিকাদারের একজন শামীম খান বলেন, খালের পাড়ে কাজ শুরু করা না হলেও রড-সিমেন্টের তৈরি স্পার নির্মাণের কাজ অন্য স্থানে করা হচ্ছে। এসব নির্মাণ শেষ পর্যায়ে। যা খালের পাড়ে বসানো হবে।আগের কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তৎকালীন রংপুর পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ওই সময় বরাদ্দ করা টাকা খালের পাড় সংরক্ষণে কাজ করেই ব্যয় করা হয়েছে। ওই একই স্থানের খালের পাড় সংরক্ষণে নতুন করে দরপত্র সরকারি নিয়ম অনুযায়ী করা হয়েছে। এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হয়নি বলে দাবি করেন তিনি।রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে যে কাজ হয়েছে এর অধিকাংশই ধসে গেছে। নতুন করে আবার ওই একই স্থানে গত বছরের ফেব্রুয়ারিতে কাজের দরপত্র আহ্বান করা হয়। এক বছর পেরিয়ে গেলেও সবেমাত্র কাজ শুরু করা হয়েছে। এ কাজের মধ্যেও অনিয়ম রয়েছে, বর্ষাকাল এলে আবারও ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।