একই সড়কে ১৫ মিনিটে দুটি দুর্ঘটনা, নিহত ২
টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সল্লা এলাকায় আজ শুক্রবার ভোরে পরপর দুটি দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের। আহত হয়েছেন আরও তিনজন। বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ১৫ মিনিটের ব্যবধানে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক সন্তোষ ঘোষ (৪০) ও বাসের যাত্রী রেখা বেগম (৩২)। সন্তোষের বাড়ি যশোরের ঝিকরগাছায়। রেখা বেগমের বাড়ির ঠিকানা জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সল্লা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উত্তরবঙ্গগামী ট্রাকের চালক সন্তোষ ঘোষ ঘটনাস্থলে নিহত হন। ওই চালকের সহকারী আহত হন। তাঁর নাম জানা যায়নি।
ওসি আখেরুজ্জামান জানান, ১৫ থেকে ২০ মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে ২০ গজ দূরে আরেকটি দুর্ঘটনা ঘটে। উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রেখা বেগম নিহত হন। বাসের আরও দুজন যাত্রী আহত হন। তাঁদের নাম জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।