লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে একক কাউন্সিলর পদপ্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামী লীগ।
দলীয় সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গত রোববার দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ দলের সমর্থনপ্রত্যাশী কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। কিন্তু একক প্রার্থী নির্ধারণ করা সম্ভব হয়নি।
পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ বলেন, দলীয় সমর্থন পাওয়ার জন্য সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদের সাতজন ও সাধারণ কাউন্সিলর পদের ২৩ জন প্রার্থী নির্ধারিত ফরমে আবেদন করেন। আবেদনকারী প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। আবেদনকারী প্রার্থীরা সমঝোতায় রাজি না হওয়ায় এবং দলীয় মেয়র পদপ্রার্থীর ভোটে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।
আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী ১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদপ্রার্থী প্রদীপ মজুমদার বলেন, কাউন্সিলর পদে এককভাবে কাউকে সমর্থন দেওয়া গেলে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী উভয়ের জন্যই ভালো হতো। কিন্তু তা না হওয়ায় ভোটের হিসাব-নিকাশে জটিলতা সৃষ্টির আশঙ্কা থেকে গেল।
রামগতি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।