চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ছয়টিতে ও একটি সংরক্ষিত (নারী) ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামী লীগ।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, কাউন্সিলর পদে নির্বাচন দলগতভাবে না হলেও দলের স্বার্থে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেউ কাউকেও ছাড় দিতে রাজি হননি। ফলে দলের নেতা-কর্মীরা নিজেদের মতো করে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু ছালেহ, ছাত্রলীগের সাবেক নেতা এনামুল কবির ও ওয়ার্ড যুবলীগের সদস্য আবুল ফয়েজ।
২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ হোসাইন।
৪ নম্বর ওয়ার্ডে লড়ছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক হেলাল, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুহাম্মদ শামসুল হক, আওয়ামী লীগের কর্মী মোস্তফা কামাল ও যুবলীগের কর্মী আবুল কালাম চৌধুরী।
৬ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী। তাঁরা হলেন পৌরসভা যুবলীগের সভাপতি মো. সাইফুল আলম, উপজেলা যুবলীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম ও যুবলীগের কর্মী রাশেদুল ইসলাম।
৮ নম্বর ওয়ার্ডে লড়ছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুদ্দিন দুলাল ও আওয়ামী লীগের কর্মী মো. শাহজাহান চৌধুরী।
৯ নম্বর ওয়ার্ডে লড়ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলা, আওয়ামী লীগের নেতা ও বর্তমান কাউন্সিলর আবদুল হালিম এবং আওয়ামী লীগের কর্মী আবদুস ছত্তার।
১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের তিনজন প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান কাউন্সিলর জন্নত আরা বেগম, মহিলা আওয়ামী লীগের কর্মী মাছুমা বেগম ও রহিমা বেগম।