একক ছাড়পত্রের জন্য বিএমইটিতে আরও সাত ডেস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার কাজ আরও গতিশীল করতে নতুন করে সাতটি ডেস্ক ও কাউন্টার করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। বায়রার জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের শুরুর দিনেই মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।বিএমইটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে যান, তাঁদের বেশির ভাগই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে একক ভিসায় যান। আত্মীয়স্বজনের মাধ্যমে তাঁরা ভিসা আনান। তবে এত দিন কোনো একটি রিক্রুটিং এজেন্সির সহায়তায় তাঁদের বহির্গমন ছাড়পত্র নিতে হতো। কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষের যেন ছাড়পত্র পেতে কোনো সমস্যা না হয়, সে কারণেই নতুন সাতটি ডেস্ক ও কাউন্টার করা হলো।বিএমইটির পরিচালক (অভিবাসন ও নিরাপত্তা) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর বহির্গমন ছাড়পত্রের জন্য আগের মতো নির্ধারিত দেশভিত্তিক ডেস্ক ও কাউন্টার থাকবে। পাশাপাশি ব্যক্তিগতভাবে একক বহির্গমন ছাড়পত্রের জন্য ওয়ান স্টপ সার্ভিসের পাশাপাশি ব্যুরোর নিচ তলায় নতুন সাতটি ডেস্ক ও কাউন্টার খোলা হয়েছে। এসব ডেস্ক ও কাউন্টারেও কাগজপত্র জমা দিয়ে বহির্গমন ছাড়পত্র নেওয়া যাবে।গত রোববার এক সংবাদ সম্মেলনে সব ধরনের জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বায়রা। তবে গতকাল প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এর ফলে জনশক্তি রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।