একতরফা নির্বাচন করলে সংগ্রাম কমিটি: খালেদা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘একতরফা নির্বাচন করলে গ্রহণযোগ্যতা পাবেন না। এককভাবে নির্বাচন করলে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হবে। এভাবে নির্বাচন প্রতিহত করা হবে।’
আজ শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন খালেদা জিয়া।
বিরোধী দলের নেতা বরাবরের মতো এবারও নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো আওয়ামী লীগ সভানেত্রী। আপনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না।’ তিনি ২০০৭ সালের কথা তুলে ধরে বলেন, সে সময় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানের অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল। সেটি সংবিধানসম্মত হলেও তখনকার বিরোধী দলের নেতা শেখ হাসিনা তা মেনে নেননি। খালেদা জিয়া প্রশ্ন তুলে বলেন, তাহলে আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে কীভাবে নির্বাচন হতে পারে? তিনি বলেন, ‘২০০৭ সালের নির্বাচন মানলে আমরাও আজকে আপনার কথা মেনে নিতাম। আপনাকে বিদায় নিতেই হবে।’
বিরোধী দলের নেতা সমবেত জনগণের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী এখন চিত্কার করে কথা বলেন। এটি ভয় পাওয়ার লক্ষণ।’ তিনি বলেন, ‘যতই চিত্কার করুন না কেন, আপনার অধীনে নির্বাচন হবে না।’ এ ছাড়া বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গড়ে তুলব
বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘সংবিধান কেন সংশোধন করলেন?’ তিনি অভিযোগ করে বলেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য তিনি বাকশালী কায়দায় সংবিধানে পরিবর্তন এনেছেন। খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করলে গ্রহণযোগ্যতা পাবে না। এককভাবে নির্বাচন করলে প্রতিবাদে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গড়ে তোলা হবে। এভাবে নির্বাচন প্রতিহত করা হবে। এজন্য তিনি জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
ক্ষমতায় এলে কারও চাকরি যাবে না
খালেদা জিয়া ২৫ অক্টোবরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তিনি পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেন। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কারও চাকরি যাবে না। বরং যাঁদের অন্যায়ভাবে চাকরি থেকে বদলি করা হয়েছে, ওএসডি করা হয়েছে তাঁরা সুবিচার পাবেন।
পাঁচ বছরে মানবতাবিরোধী অপরাধ করেছেন
প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিযোগ ছুড়ে দিয়ে খালেদা জিয়া বলেন, পাঁচ বছরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ বহু মানবতাবিরোধী অপরাধ করেছে। এর জবাব দিতে হবে। তিনি পিলখানা বিদ্রোহের কথা তুলে বলেন, প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নির্দেশ না দেওয়ার জন্য তারা কোনো গুলি চালাতে পারেনি। ভাইদের তারা বাঁচাতে পারেননি। প্রধানমন্ত্রীর ব্যর্থতার জন্য ৫৮ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, এটি কি মানবতাবিরোধী অপরাধ নয়? এ সময় তিনি হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে সরকার হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে চালানো হামলাও মানবতাবিরোধী অপরাধ। খালেদা জিয়া মন্তব্য করেন, ওই দিন এক লাখ ৫৫ হাজার গুলি চালানো হয়েছে বলে পত্রিকার খবরে জানা গেছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাপের চেয়েও খারাপ। সাপকে বিশ্বাস করা যায়। কিন্তু আওয়ামী লীগকে করা যায় না।’

উদ্বোধনেই রামপাল বিদ্যুৎকেন্দ্র শেষ হয়ে যাবে
খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী রামপালে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে। উদ্বোধন ওখানেই শেষ হয়ে যাবে। রামপাল বিদ্যুৎকেন্দ্র হতে দেওয়া হবে না। তিনি বলেন, এতে করে সুন্দরবন শেষ হয়ে যাবে। বিদ্যুেকন্দ্র স্থাপন করা প্রয়োজন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, রামপাল নয় অন্য কোনো জায়গা দেখে বিদ্যুেকন্দ্র করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, ভারতেও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার চেষ্টা হয়েছিল। কিন্তু বিদ্যুৎকেন্দ্র করার জন্য তাদের দেশে কোনো জায়গা মেলেনি। সেদেশে বিদ্যুৎকেন্দ্র করতে না পেরে বাংলাদেশের রামপালে চাপানো হয়েছে। একইভাবে টিপাইমুখ বাঁধও হতে দেওয়া হবে না বলে জানান খালেদা জিয়া।
ইলিয়াস আলী কোথায়?
বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ইলিয়াস আলী কোথায়? এ সময় সমবেত জনতা একই প্রশ্ন তোলে।
পেট ভরেনি, আরেকবার সুযোগ চায়
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সব ক্ষেত্রে দুর্নীতি করেছে। তিনি বলেন, তারা পাঁচটা ব্যাংককে দেউলিয়া করেছে। দুর্নীতির কারণে পদ্মা সেতু হয়নি। কুইক রেন্টালের টাকা পকেটে ভরেছে। তিনি ব্যঙ্গ করে বলেন, পেট এখনো ভরেনি। সেজন্য আরেকবার সুযোগ চায়। তিনি এ সময় বলেন, ‘আগামীবার এলে দেশটারে খেয়ে নেবে।’
সিলেটের কাছে আবদার রয়েছে
খালেদা জিয়া বলেন, সম্পর্কে তিনি সিলেটবাসীর বেয়াইন। তাই সিলেটের কাছে তাঁর বিশেষ আবদার রয়েছে। সেই সঙ্গে সিলেটবাসীরও খালেদা জিয়ার কাছে দাবি আছে বলে জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে এসে বিরোধী দলের নেতা ক্ষমতায় এলে সিলেটের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ঢাকা থেকে সিলেটে দ্রুতগামী ট্রেন চালু করা হবে, রাস্তা চার লেন করা হবে। এ ছাড়া সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নারীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানান খালেদা জিয়া। এ সময় জনগণ হাত তুলে ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে।