একক প্রার্থিতা নিয়ে আ.লীগে গৃহবিবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে দলীয় সভানেত্রী একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দিলেও চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাইয়ে আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন।

হাটহাজারীতে সাতজন এবং মিরসরাইতে দুজন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। মিরসরাইয়ে প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।  এক পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিনকে বাদ দিয়ে শেখ আতাউর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা দিলে এই বিভক্তি দেখা দেয়।

গত শনিবার সার্কিট হাউসে প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের নাম ঘোষণা করেন সভাপতিমণ্ডলীর সদস্য মন্ত্রী মোশাররফ হোসেন। এর আগে সভাস্থল ত্যাগ করেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। তবে গিয়াস উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানি। তিনি ২৬ তারিখ একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠি অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারণ হবে। কিন্তু মোশাররফ ভাই ওই দিন জেলা কমিটির ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করেছেন। যার জন্য আমি সভাস্থল ছেড়ে চলে আসি।’  তিনি আরও বলেন, ‘জনমত আমার সঙ্গেই আছে। আমি নির্বাচন করবই।’

দলীয় প্রধান শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিকে চিঠি দিয়ে চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 

জানতে চাইলে মন্ত্রী মোশাররফ হোসেনকে বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে শেখ আতাউর রহমানকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর যিনি (গিয়াস) দাঁড়িয়েছেন, উনি দলীয় সিদ্ধান্ত মানেননি। এখানে আওয়ামী লীগের একজনই প্রার্থী। তিনি আতাউর রহমান।

এদিকে, হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাতজন প্রার্থী হয়েছেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইলও রয়েছেন। সাতজনের মধ্য থেকে একক প্রার্থী বেছে নেওয়ার চেষ্টা চালাচ্ছে উত্তর জেলা আওয়ামী লীগ। কিন্তু এখনো সে অর্থে সফলতা আসেনি।

জানা গেছে, একক প্রার্থী করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা আওয়ামী লীগ বৈঠকও করেছে। ওই সভায় সাত প্রার্থীর মধ্যে দুইজন নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেন। তবে বাকি পাঁচজন এখনো নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

তবে একক প্রার্থিতা বিষয়ে আশাবাদী উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। তিনি প্রথম আলোকে টেলিফোনে বলেন, ‘একক প্রার্থিতা নিয়ে আমরা আশাবাদী। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। আগামী ১ ফেব্রুয়ারি আমরা পুনরায় বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

মিরসরাইয়ের বিষয়ে এম এ সালাম বলেন, মোশারফ ভাই সেখানে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। গিয়াসও প্রার্থী হয়েছেন। ওখানেও একক প্রার্থী করার চেষ্টা চলছে। উপজেলা নির্বাচনের প্রথম দফায় এ দুটি উপজেলায় ভোট হচ্ছে।

আগামী ৩ ফেব্রুয়ারি হাটহাজারী ও মিরসরাই উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্দ। ১৯ ফেব্রুয়ারি এ দুই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।