একক প্রার্থী দিতে বড় দুই দলে সমঝোতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে একজনকে সমর্থন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য সমঝোতার চেষ্টা চলছে।

বিএনপি-সমর্থিত তিন প্রার্থীর বিষয়ে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান বলেন, ‘আমাদের দল থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সবাই আমাকে অভিভাবক মনে করেন। সে জন্য একটি কমিটি করে দিয়েছি। ওই কমিটি প্রত্যেক প্রার্থীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে। আশা করি, এভাবে একক প্রার্থী দেওয়া সম্ভব হবে।’

মেয়র প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বলেন, ‘একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে গত রোববার রাতে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। আশা করি, আমার পক্ষে সমর্থন পাব।’

অপর প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক বলেন, ‘গত রোববার রাতে কমিটি আলাদাভাবে আহসান হাবিব এবং কামরুল আহসানের সঙ্গে বৈঠক করেছে। আজ (গতকাল) রাতে আমার সঙ্গে ওই কমিটির বৈঠক হবে।’

আওয়ামী লীগসহ ১৪ দলের সমর্থন পাওয়া মেয়র পদপ্রার্থী শওকত হোসেন জানান, নির্বাচিত হলে তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত বরিশাল গড়ে তুলবেন। সিটি করপোরেশন এলাকার উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। তিনি বলেন, ‘এবারই আমার শেষ নির্বাচন।’

মেয়র পদপ্রার্থী ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান বলেন, ‘আমি পাঁচ বছর ধরে নির্বাচনে অংশ নিতে কাজ করছি। এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই।’

বরিশাল নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, বরিশালে ভোটের হিসেবে বিএনপি এগিয়ে। কিন্তু বিএনপি যদি একক প্রার্থী দিতে ব্যর্থ হয়, তাহলে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা হবে না। এ রকম হলে সাবেক মেয়র শওকত হোসেন সহজেই জয়ী হবেন।