উ প জে লা নি র্বা চ ন ২ ০ ১ ৪ : এখনো ৫৩ উপজেলায় বিদ্রোহী প্রার্থী
একক প্রার্থী দিতে ব্যর্থ আওয়ামী লীগ
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয়ভাবে গঠন করে দেওয়া আওয়ামী লীগের সাতটি দল। প্রথম পর্যায়ে নির্বাচন হতে যাওয়া ৯৭টি উপজেলার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের সাতটি দলের সমন্বয়কের সঙ্গে কথা বলে জানা যায়, এখনো ৫৩টি উপজেলায় দলের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। তবে ভোট গ্রহণের আগমুহূর্ত পর্যন্ত ‘বিদ্রোহী’ প্রার্থীদের বসিয়ে দেওয়ার চেষ্টা থাকবে বলে নেতারা জানিয়েছেন।
প্রথম দফায় ৯৭টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী বাছাই এবং সাংগঠনিক কার্যক্রম দেখভালের জন্য গত ২৭ জানুয়ারি সাত বিভাগের জন্য কেন্দ্রীয়ভাবে সাতটি দল গঠন করে দেওয়া হয়। একজন জ্যেষ্ঠ নেতাকে প্রধান ও সংশ্লিষ্ট বিভাগীয় সম্পাদককে সমন্বয়ক করে এসব দল গঠন করা হয়। তাদের মাঠপর্যায়ে সফর করে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই এবং তৃণমূলের সাংগঠনিক সমস্যা চিহ্নিত করে কেন্দ্রে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
এর আগে গত ২৬ জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের সব জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে একক প্রার্থী নিশ্চিত করার নির্দেশ দেন। এরপর ১ ফেব্রুয়ারি দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জেলা ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে দেওয়া অপর এক চিঠিতে সাতটি দলের সাংগঠনিক সফরের কথা জানিয়ে তাদের সহায়তা করার নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিভাগের জন্য গঠিত প্রতিনিধিদলের প্রধান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এখন পর্যন্ত কোনো এলাকায় যাননি। এই দলের সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আহমদ হোসেন কেবল মানিকগঞ্জ জেলার কয়েকটি উপজেলা সফর করেছেন। এ বিভাগে প্রথম দফায় ২৬টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে ১৪টি উপজেলায় একক প্রার্থী আছেন। অন্যগুলোতে দল-সমর্থিত প্রার্থীদের পাশাপাশি ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন।
জানতে চাইলে ঢাকা বিভাগের জন্য গঠিত প্রতিনিধিদলের সমন্বয়ক আহমদ হোসেন দাবি করেন, ‘আমাদের দায়িত্ব একক প্রার্থী ঠিক করা এবং নির্বাচন পর্যবেক্ষণ করা। বেশির ভাগ ক্ষেত্রে একক প্রার্থী হয়ে গেছে। অন্যগুলোও ঠিক করে ফেলব।’
চট্টগ্রাম বিভাগের জন্য গঠিত দলটি এখন পর্যন্ত সাংগঠনিক সফরে বের হয়নি। এর প্রধান মোশাররফ হোসেন অসুস্থ থাকায় তিনি কোথাও সফর করেননি। টিমের সমন্বয়ক বীর বাহাদুরও কোথাও যাননি। এ বিভাগের আটটি উপজেলার মধ্যে সাতটিতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জানতে চাইলে বীর বাহাদুর প্রথম আলোকে বলেন, তিনি এখনো কোনো উপজেলায় সফরে যেতে পারেননি। দু-এক দিনের মধ্যে বৈঠক করে সফরে যাওয়ার বিষয়টি ঠিক করা হবে।
রাজশাহী বিভাগের জন্য গঠিত দলের প্রধান মোহাম্মদ নাসিম ইতিমধ্যে সিরাজগঞ্জ সফর করেছেন। এখন তিনি দেশের বাইরে আছেন। এ দলের সমন্বয়ক আবু সাঈদ আল মাহমুদ বগুড়া, জয়পুরহাট ও রাজশাহী সফর করেছেন। এ বিভাগের ১৮টি উপজেলার মধ্যে ১০টিতে ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘চেষ্টা করছি বিদ্রোহীদের বসানোর। এ প্রক্রিয়া চলমান আছে।’
বরিশাল বিভাগীয় দলের প্রধান আমির হোসেন আমু ইতিমধ্যে ঝালকাঠি ও বরিশাল সফর করেছেন। এ বিভাগে প্রথম পর্যায়ে নির্বাচন হতে যাওয়া তিনটি উপজেলার মধ্যে একটিতে বিদ্রোহী প্রার্থী আছেন। এ বিভাগের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ বড় দল। সমস্যা আছে। এটা থাকবে। তাঁরা দ্বিতীয় পর্যায়ে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেগুলো নিয়ে কাজ করছেন।
খুলনা বিভাগীয় দলের প্রধান আবদুল লতিফ সিদ্দিকী এখনো সাংগঠনিক সফরে যাননি। এ দলের সমন্বয়ক বি এম মোজাম্মেল হক কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর সফর করেছেন। এ বিভাগের ১৪টি উপজেলার মধ্যে নয়টিতেই বিদ্রোহী প্রার্থী আছেন। বি এম মোজম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি। হয়তো সবগুলোতে বিদ্রোহী প্রার্থী সরাতে পারব না।’
রংপুর বিভাগের জন্য গঠিত দলের প্রধান হলেন মতিয়া চৌধুরী। এর সদস্য মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, অসীম কুমার উকিল ও খালিদ মাহমুদ চৌধুরী রংপুর, কুড়িগ্রাম ও দিনাজপুর সফর করেছেন। এ বিভাগের ১৭টি উপজেলার মধ্যে আটটিতে বিদ্রোহী প্রার্থী আছেন। এর সমন্বয়ক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দু-তিন দিন পর যে প্রার্থীর অবস্থা খারাপ মনে করব, তাঁকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব।’
সিলেট বিভাগের জন্য গঠিত দলের প্রধান ওবায়দুল কাদের সিলেট ঘুরে এসেছেন। এ বিভাগের ১২টি উপজেলার মধ্যে ছয়টিতে বিদ্রোহী প্রার্থী আছেন। এ দলের সমন্বয়ক মিজবাহউদ্দিন সিরাজ জানান, সবাইকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য তাঁরা চেষ্টা করছেন।