একক প্রার্থীকে সমর্থন দিয়ে সুবিধায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীকে সমর্থন দিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে বিএনপি। তবে সমঝোতা হয়নি আওয়ামী লীগে। মনোনয়ন প্রত্যহারের শেষ দিন গত মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে এক প্রার্থীকে সমর্থন দেয়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান এক বিদ্রোহী প্রার্থী।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য দলটির সমর্থন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমানের ভাই সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফাজ উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মণ্ডল ও যুবলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য আশরাফ হোসাইন। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত আওয়ামী লীগ দফায় দফায় চেষ্টা করেও একজনকে সমর্থনের ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারেনি। গত সোমবার রাতে শহরের শিববাড়িতে আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি বৈঠকের মাধ্যমে আশরাফ হোসাইনকে দলীয় সমর্থন দেওয়া হয়। আফাজ উদ্দিন সরকারের সমর্থকেরা তা মেনে না নিয়ে ওই রাতেই মিছিল বের করেন। মঙ্গলবার এমদাদুল হক মণ্ডল প্রার্থিতা প্রত্যাহার করলেও আফাজ প্রতিন্দ্বন্দ্বিতায় রয়ে যান।
শহর আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোবারক হোসেন মঙ্গলবার বিকেলে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় সমর্থনপ্রাপ্ত প্রার্থীর বিপক্ষে কেউ অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির সূত্র জানায়, চারজন প্রার্থী দলীয় সমর্থন প্রত্যাশা করলেও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক আকন্দ ও কোতোয়ালি বিএনপির সভাপতি কামরুল ইসলাম মো. ওয়ালিদ নিজেদের অবস্থানে অনড় থাকেন। ১ ফেব্রুয়ারি রাতে তৃণমূলের নেতাদের ভোট হয়। ভোটে কামরুল ইসলাম মো. ওয়ালিদ জয়ী হন।
এমদাদুল হক মণ্ডল জানান, ধর্মমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে ঢাকায় বৈঠক করে বিদ্রোহী প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।