একক প্রার্থীর সুবিধায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে কাল মঙ্গলবার ভোট গ্রহণ হবে। আট ইউপি চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে কোন্দল থাকা সত্ত্বেও একক প্রার্থী থাকায় অনেকটা ফুরফুরে মেজাজ ধরে রাখতে পারছেন বিএনপির প্রার্থীরা।
ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা জানান, চেয়ারম্যান পদে পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অপর দিকে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলেও প্রতিটি ইউনিয়নের তৃণমূলেই স্থানীয়ভাবে কোন্দল রয়েছে। এতে করে বিএনপির কিছু ভোট প্রার্থীর বিপক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশ্রব আলী ও বিএনপির প্রার্থী ইসলাম উদ্দিনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ মনফর আলী শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। এ তিনজন ছাড়াও এখানে মোহাম্মদ আতিকুর রহমান ও তেরা মিয়া স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।
হাটখোলা ইউনিয়নে আওয়ামী লীগের খুর্শিদ আহমদ, বিএনপির আজির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী শামছ উদ্দিনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন ভোটাররা। এ ছাড়া জাতীয় পার্টির মো. রহমত উল্লাহ এবং স্বতন্ত্র হিসেবে মো. চান্দ মিয়া, ছাকিব জামান, রফিকুজ্জামান এখানে নির্বাচন করছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী নেই।
খাদিমনগরে আওয়ামী লীগের প্রার্থী মো. তারা মিয়া, বিএনপির প্রার্থী মো. ইলিয়াছ আলী এবং বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. দিলোয়ার হোসেনের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন মোহাম্মদ বাবুল আহমদ ও মো. সিরাজুল ইসলাম।
খাদিমপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী মো. নজরুল ইসলাম, বিএনপি প্রার্থী মো. ফারুক আহমদ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আফছর আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে নির্বাচন করছেন জাতীয় পার্টির মো. সেলিম আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ শরীফ উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মুফতি মুহাম্মদ যাকারিয়া ও স্বতন্ত্র মো. ফয়জুল হক।
টুলটিকর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুল মোছাব্বির, বিএনপির কাজী মুহিবুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী এস এম আলী হোসেনের মধ্যে আসল লড়াই হবে। এর বাইরে এখানে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান।
টুকেরবাজার ইউনিয়নে দুই প্রার্থী রয়েছেন। এঁরা হচ্ছেন আওয়ামী লীগের মো. আলতাফ হোসেন ও বিএনপির শহিদ আহমদ।
মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মো. হিরণ মিয়া, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মো. সামছুল ইসলাম এবং বিএনপির মাসুক মিয়ার মধ্যে মূল লড়াই হবে। এর বাইরে এখানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাজির উদ্দিন।
কান্দিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মো. নিজাম উদ্দিন, বিএনপির মো. আহমদ আলী ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মনাফের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মো. সাজ্জাদ মিয়া এবং স্বতন্ত্র আবদুল মতিন সামাদও আলোচনায় রয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দাবি করেন, প্রার্থী নির্বাচনের সময়ই তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই দলে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পাঁচ ইউনিয়নের বিদ্রোহীদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাই এসব বিদ্রোহীর পক্ষে তৃণমূলের কোনো নেতা-কর্মী এখন আর কাজ করছেন না। কিছুটা সমস্যা থাকলেও এতে বিজয়ে কোনো সমস্যা হবে না।