একক মেয়র প্রার্থী নিয়ে নীলফামারী আ.লীগে উত্তেজনা
নীলফামারী পৌরসভা নির্বাচনে গতকাল শনিবার পর্যন্ত মেয়র পদে একক দলীয় প্রার্থী বাছাই করতে পারেনি আওয়ামী লীগ। গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় একক প্রার্থী মনোনয়ন নিশ্চিত না হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর নেতা-কর্মীদের শান্ত করেন।দলীয় সূত্র জানায়, মেয়র পদে প্রার্থী হতে তিনজন আবেদন করেছেন। তাঁরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাবেক উপসচিব আমিনুল হক এবং পলাশবাড়ী কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান। গতকাল বেলা সাড়ে ১১টায় পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে জরুরি সভার কার্যক্রম শুরু হয়। একক প্রার্থী বাছাইয়ে দেরি হচ্ছে দেখে দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা প্রার্থীর নাম ঘোষণার দাবি তোলেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ করার চেষ্টা করেন। পরে সাংসদ আসাদুজ্জামান নূর বেরিয়ে এসে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত করে সভাস্থল ত্যাগ করেন। এ সময় তিনি বলেন, ‘যে তিনজন আবেদন করেছেন, তাঁদের জীবনবৃত্তান্ত আমরা কেন্দ্রে পাঠাব। কেন্দ্র সিদ্ধান্ত দেবে।’