একক সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলার সর্বাধিক গুরুত্বপূর্ণ অভয়নগর উপজেলাকে একক সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একক সংসদীয় আসন বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলার রাজঘাট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কমিটি সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধনে সব রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন একক সংসদীয় আসন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্লা, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি শাহ্ আশরাফুজ্জামান, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি বৈকুণ্ঠ বিহারী রায়, শিক্ষকনেতা রবিউল হাসান প্রমুখ। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভয়নগরকে একক সংসদীয় আসন ঘোষণার দাবি জানান। উপস্থিত নেতারা বলেন, যশোরের ছয়টি আসনের মধ্যে অভয়নগরের গুরুত্ব সর্বাধিক। কিন্তু নির্বাচন কমিশন তাদের ইচ্ছামতো অভয়নগর উপজেলাকে মনিরামপুর উপজেলার সঙ্গে যুক্ত করেছে।