একক সিদ্ধান্তে পরিকল্পনা গ্রহণ না করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন একক সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রামে পর্যটনশিল্পের সম্প্রসারণ না করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে। কমিশন সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পার্বত্য চট্টগ্রামে পর্যটনশিল্পের উন্নয়নে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিল এবং বান্দরবান সদর উপজেলা সদরে পর্যটন উন্নয়নের নামে মারমা ও বম আদিবাসীদের জায়গা বেদখল বন্ধের অনুরোধ জানিয়েছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন কমিশনের তিন কো-চেয়ার লর্ড অ্যাবিবুুরি, সুলতানা কামাল ও আইডা নিকলসেন।স্মারকলিপিটি গত বুধবার ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হয়েছে। স্মারকলিপিতে পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক পর্যটনশিল্পের উন্নয়নে কোনো পরিকল্পনা গ্রহণের আগে পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে আলোচনা, উন্নয়নে পরিবেশের প্রভাব সম্পর্কে স্বাধীনভাবে জরিপ পরিচালনা, নতুন কোনো উন্নয়ন কার্যক্রম পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, তা নিশ্চিত করা এবং উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি বেদখল বন্ধের অনুরোধ জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চুক্তির শর্ত মোতাবেক স্থানীয় পর্যটনশিল্পের উন্নয়ন পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব। অথচ পর্যটনশিল্পের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে পার্বত্য জেলা পরিষদগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা পার্বত্য চুক্তির সরাসরি লঙ্ঘন। পার্বত্য চট্টগ্রামের পর্যটনশিল্পের বিকাশে কাপ্তাই হ্রদের তীরে সড়ক নির্মাণসহ চট্টগ্রামের সঙ্গে তিন পার্বত্য জেলার সরাসরি সড়ক যোগাযোগ ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর কতটুকু প্রভাব ফেলবে, সে সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন। পর্যটনশিল্পের উন্নয়নসহ পার্বত্য চট্টগ্রামের যেকোনো উন্নয়ন পরিকল্পনায় পার্বত্য জেলা পরিষদগুলোকে সম্পৃক্ত করার কথা বলেছে কমিশন। এক বছর পূর্তিতে শেখ হাসিনার সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে কমিশন বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন বিষয়ে একটি সময়ভিত্তিক পরিকল্পনা (রোডম্যাপ) প্রণয়নের অনুরোধ জানিয়েছে।