একক সিদ্ধান্তে সিএনজির দাম বাড়ালে ব্যবসা বন্ধের ঘোষণা
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা বা সমঝোতা ছাড়া তেলের মতো সিএনজির দামও সরকার একক সিদ্ধান্তে নির্বাহী আদেশ দিয়ে বাড়ালে ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এই খাতের পাঁচটি সংগঠন।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে পাঁচ সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। সিএনজির মূল্যবৃদ্ধিসংক্রান্ত অর্থমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংগঠন পাঁচটি হচ্ছে—অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ, ট্যাক্সিক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি এবং বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এতে বলা হয়, দেশে এখন ৫৮৫টি সিএনজি স্টেশন ও ১৭০টি রূপান্তর করার কারখানা আছে। সিএনজিচালিত যানবাহনের সংখ্যা প্রায় দুই লাখ ২০ হাজার। সব মিলিয়ে এ খাতে বিনিয়োগ প্রায় ১৫ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রীর বক্তব্যের পর এ খাতের উদ্যোক্তারা শঙ্কিত হয়ে পড়েছেন। সিএনজি খাতে মাত্র ৫ শতাংশ গ্যাস ব্যবহূত হয় বলে উল্লেখ করে ওই বক্তব্যে বলা হয়, গত কয়েক মাসে সিএনজির দাম ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। পুনরায় সরকার একক সিদ্ধান্তে দাম বাড়ালে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন তাঁরা। আর এ জন্য সরকারই দায়ী থাকবে। এক প্রশ্নের জবাবে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খোন্দকার রফিকুল হোসেন দাবি করেন, ডিজেলচালিত যানবাহনের তুলনায় সিএনজিচালিত যানবাহনের ক্রয়মূল্য, রক্ষণাবেক্ষণ খরচ ও জ্বালানি ব্যয় বেশি। বারবার সিএনজির দাম বাড়ানোর কারণে ৩০টি বাস কোম্পানি বন্ধ হয়ে গেছে। অনেক কোম্পানি সিএনজিচালিত বাস ডিজেলে রূপান্তর করেছে। আবারও সিএনজির দাম বাড়ানো হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে বরকত উল্লাহ, মাসুদ খান, আসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।