খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি (জাপা) ও জামায়াতে ইসলামী। মেয়রসহ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এ জন্য দুজন মেয়র প্রার্থীর নাম প্রস্তাব করে দলের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।এদিকে নগরের ২৪টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেবে জামায়াত। তবে চূড়ান্ত পর্যায়ে প্রার্থীসংখ্যা কমে যেতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। ১৮ দল জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও ওয়ার্ডে জামায়াত এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে মেয়র পদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এ ছাড়া চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন মেয়র এবং ১৪টি কাউন্সিলর পদে এককভাবে প্রার্থী দিচ্ছে বলে জানা গেছে। খুলনা সিটি নির্বাচনে একলা চলো নীতি অবলম্বন করছে জাতীয় পার্টি। গত ৩০ এপ্রিল নগর জাতীয় পার্টির বর্ধিত সভায় মেয়রসহ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক দুই প্রার্থীর নাম পাঠানো হয়েছে দলীয় চেয়ারম্যানের কাছে। প্রার্থীরা হলেন নগর জাতীয় পার্টির সভাপতি আবদুল গফফার বিশ্বাস ও জেলা সভাপতি শফিকুল ইসলাম। আবদুল গফফার বিশ্বাস বলেন, সভায় এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। মেয়র প্রার্থী কে হবেন, সেটা চেয়ারম্যান ঠিক করবেন। আরও ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর জন্য দলের নেতা-কর্মীদের কাছে আবেদন চাওয়া হয়েছে। এ পর্যন্ত ৪১ জনের কাছ থেকে আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রাথমিকভাবে ২৪ জনকে বাছাই করা হয়েছে। বাকিদের নাম ঠিক করে দু-এক দিনের মধ্যে মনোনয়নপত্র কেনা হবে। নির্বাচনে ২৪টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। তবে এককভাবে মেয়র প্রার্থী দিচ্ছে না দলটি। জোটগতভাবে যাঁকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, তাঁকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের নেতারা। জামায়াতের স্থানীয় একাধিক নেতা জানান, দুই বছর আগেই নগরের সাতটি ওয়ার্ডে প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করে জামায়াত। এ জন্য মহানগর ও থানা পর্যায়ে নির্বাচনী পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। নগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, জামায়াত সরকারবিরোধী আন্দোলনে মাঠে আছে, নির্বাচনের মাঠেও থাকবে। এদিকে ইসলামী আন্দোলনও মেয়র পদে প্রার্থী নির্ধারণ করছে। মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হককে মেয়র পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটি। এ ছাড়া ১৪টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীও ঘোষণা দিয়েছে তারা।