বাংলাদেশ–যুক্তরাষ্ট্র যৌথ অনুশীলনীর সমাপনী
এককভাবে সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা সম্ভব নয়
সামুদ্রিক এলাকার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করা এককভাবে কোনো দেশের পক্ষে সম্ভব নয়। তাই বিভিন্ন দেশের নৌবাহিনীর অংশীদারির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা যেতে পারে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ অনুশীলন কারাটের সমাপনী অধিবেশনে বক্তারা এ অভিমত দেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে চতুর্থবারের মতো এ অনুশীলন গতকাল চট্টগ্রামে শেষ হয়েছে।
সকালে বাংলাদেশ নৌবাহিনীর নৌঘাঁটি ঈসা খাঁতে ক্যারাটের (কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং) সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা এখন আর এক দেশকেন্দ্রিক নয় বরং আন্তরাষ্ট্রীয়। কারণ সামুদ্রিক বাণিজ্যের জাতীয় কোনো সীমারেখা নেই। সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করার সামগ্রিক ব্যবস্থা এককভাবে কোনো সংস্থা বা দেশের নেই। এই প্রেক্ষাপটে তিনি সন্ত্রাসবাদ দমনের পদক্ষেপের আধুনিকায়ন, কার্যকর আইনি পদক্ষেপ এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা নিশ্চিত করাসহ সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও অংশীদারি জোরদারের ওপর গুরুত্ব দেন।
আওরঙ্গজেব চৌধুরী মার্কিন নৌবাহিনীর মতো পেশাদার বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, ক্যারাটের মূল বিষয় হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা, একসঙ্গে প্রশিক্ষণ নেওয়া, অনুশীলন করা, যাতে করে তারা নিজেদের সমুদ্রসীমায় নিজেদের আরও সুরক্ষিত ও কার্যকর করে তুলতে পারে। এ ধরনের অনুশীলনগুলো আমাদের দুই দেশের নৌবাহিনীর একে অন্যকে জানতে, বুঝতে এবং একে অন্যের কাছ থেকে শিক্ষা নিতে সহায়তা করে। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সামুদ্রিক অংশীদারি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডকে ডাকাতির হার ৭০ শতাংশ কমিয়ে বঙ্গোপসাগরকে আরও নিরাপদ করতে সাহায্য করেছে, যা কিনা নৌবিমার হার ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে এবং চট্টগ্রামও এখন আর ঝুঁকিপূর্ণ সমুদ্রবন্দর হিসেবে বিবেচিত হয় না।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএন ফ্লোটিলার কমোডর কমান্ডিং কমোডর এম খালেদ ইকবাল এবং যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭-এর কমান্ডার ক্যাপ্টেন ফ্রেড কাশের।