একখণ্ড জমির জন্য...
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একখণ্ড জমির জন্য তিনটি কৃষক-পরিবারে অশান্তি নেমে এসেছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটী গ্রামের কৃষক রহিজ উদ্দিন তাঁর মেয়ে পাপিয়া খাতুনের (২৫) নামে ২০০৯ সালে প্রতিবেশী ফজর আলীর ৩৩ শতাংশ ফসলি জমি কেনেন। পাপিয়া খাতুনের নামে জমির নামজারিও সম্পন্ন হয়। কিন্তু জমির বিক্রেতা এখন পর্যন্ত জমির দখল ছাড়েনি। এ ব্যাপারে পাপিয়া খাতুন ১৮ অক্টোবর সিরাজগঞ্জ আদালতে ফজর আলীসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরে একই গ্রামের শফিকুল ইসলাম তাঁর ভাগনি পাপিয়া খাতুনকে প্রয়োজনীয় সহায়তা দেন। এতে শফিকুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে ফজর আলী তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। ২০ অক্টোবর ফজর আলী বাদী হয়ে পাপিয়া খাতুন, রহিজ উদ্দিন, শফিকুল ইসলামসহ সাতজনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে আরেকটি মামলা করেন।ফজর আলী বলেন, ‘জরুরি প্রয়োজনে জমিটা বিক্রি করেছিলাম। পরে প্রয়োজন মিটে গেছে। তাই আমি টাকাপয়সা পরিশোধ করে জমিটি ফেরত চাচ্ছি। কিন্তু ওরা দিতে রাজি হচ্ছে না। তাই আমি দখল ছাড়িনি।’ঘুরকা ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ বলেন, ‘সাবেক চেয়ারম্যানের আমলে এ নিয়ে দেনদরবার হলেও বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।’ সাবেক চেয়ারম্যান ওসমান গণি বলেন, অনেকবার সালিস-দরবার হয়েছে। কিন্তু সালিসের কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। এখন ওই একখণ্ড জমি নিয়ে তিনটি পরিবার ও তাদের স্বজনেরা অশান্তিতে দিন কাটাচ্ছেন।