একঘরে করায় শেরপুরে মাতবরদের নামে মামলা
বগুড়ার শেরপুরে গ্রাম্য সালিসে ঘোষণা দিয়ে দিনমজুর পরিবারকে একঘরে রাখার অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার বিকেলে মামলাটি দায়ের করেন উপজেলার সিমলা গ্রামের হোসেন আলী।একঘরে পরিবারগুলো হলো বাদী হোসেন আলী, তার ভাই ছাকের আলী ও বাবা তবির প্রামাণিক। মাতবরদের মধ্যে যাঁদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে তাঁরা হলেন—ছবির উদ্দিন, আজিজুর রহমান, আরশেদ আলী, রফিকুল ইসলাম, আবুল হোসেন, রজব আলী, ইউপি সদস্য সামছুল হক, ইসমাইল হোসেন, আবদুর রাজ্জাক, রইচ উদ্দিন ও কাবেল হোসেন।মামলা সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটনের কারণে স্ত্রী আরজিনার সঙ্গে বাদীর মনোমালিন্যের ঘটনায় গত ৩০ জুলাই তিনি তালাক বলেন। একমাত্র মেয়ের কথা চিন্তা করে ৩১ আগস্ট তাঁরা নতুন করে বিয়ে করে সংসার করতে থাকেন। কিন্তু গ্রাম্য মাতবরেরা ৯ সেপ্টেম্বর সালিস বসিয়ে তাঁকে একঘরে করেন। ৩০ সেপ্টেম্বর তাঁদের বিয়ের কাগজপত্র দেখানো হলেও মাতবরেরা তাঁকে দোররা মারা, তওবা পড়া ও নতুন করে বিয়ে করার কথা বলেন। এই রায় মেনে না নেওয়ায় তারা তাঁদের একঘরে করেন। মাতবরদের একজন আরশেদ আলী জানান, গ্রামে কেউ কোনো অপরাধ করলে তাকে দোররা মারা ও তওবা পড়ানো হয়। হোসেন আলী ও তাঁদের পরিবার গ্রাম্য বিচার অমান্য করায় তাঁদের একঘরে করা হয়েছে। ইউপি সদস্য সামছুল হক জানান, গ্রাম্য বিচারে তাঁদের এই শাস্তি দেওয়ার পর কোরবানির ঈদের দুই দিন পর তা তুলে নেওয়া হয়েছে। বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান আলী জানান, গ্রাম্য বিচারে একঘরে রাখার এমন ঘটনা অমানবিক।