একঘরে থেকে 'জাতে' উঠতে ভূরিভোজ!

ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামে একঘরে করে রাখা এক ব্যক্তিকে জাতে উঠতে দেড় শতাধিক লোককে ভূরিভোজ করাতে হয়েছে। গতকাল বুধবার দুপুরে গ্রামটির মসজিদে এ ভূরিভোজ হয়।
ওই ব্যক্তির নাম জহুরুল ইসলাম। তিনি পেশায় দিনমজুর। এক মাস ধরে তাঁকে একঘরে করে রাখেন গ্রামের মাতবরেরা। এই সময়ে তাঁকে অন্যের জমিতে কামলা পর্যন্ত দিতে দেওয়া হয়নি।
এর আগে জহুরুলের চাচা মোবারক হোসেনকে প্রায় পাঁচ–ছয় বছর একঘরে করে রাখা হয়। সমাজচ্যুত চাচাকে নিয়ে বিয়ে করতে যাওয়ায় জহুরুলকে একঘরে করা হয়। পরে চাচা-ভাতিজা ক্ষমা চেয়ে সমাজে ওঠার রায় পান। পাশাপাশি ভাতিজাকে গ্রামবাসীকে খাওয়ানোর শর্ত দেওয়া হয়।
গতকাল বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে নাটাবাড়িয়া গ্রামের মসজিদে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে।নারী-পুরুষ অনেকেই খেতে বসেছেন।
দাওয়াতে আসা কয়েকজন বলেন, গ্রামের একটা ছেলে একঘরে ছিলেন। তাঁকে জাতে ওঠানো হচ্ছে। সমাজের ১১০ ঘর থেকে দেড় শ লোককে খাওয়ানোর মাধ্যমে তাঁকে সমাজে নেওয়া হচ্ছে। তিনি সমাজের লোকজনকে না নিয়ে বিয়ে করেছেন। তাই এটা তাঁর শাস্তি।
জহুরুল ইসলাম হতদরিদ্র, তারপরও এ আয়োজন কীভাবে করছেন—জানতে চাইলে লোকজন বলেন, এটা তাঁর নিজস্ব ব্যাপার।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একজন বলেন, পাঁচ-ছয় বছর আগে একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে মোবারক হোসেনকে গ্রামের মাতবরেরা সমাজচ্যুত করেন। এর মাঝে প্রায় এক মাস আগে জহুরুল ইসলাম বিয়ে করেন। বিয়েতে তিনি চাচাকে সঙ্গে নেন। এ কারণে গ্রামের লোকজন এতে অংশ নেননি। সমাজচ্যুত ব্যক্তিকে সঙ্গে নেওয়ায় বিয়ের পর জহুরুলকেও সমাজচ্যুত করা হয়। এরপর গ্রামের লোকজন তাঁর সঙ্গে প্রকাশ্যে কথা বলতে পারতেন না। কারও জমিতে তাঁকে কামলা হিসেবে নেওয়া হতো না। এ অবস্থায় জহুরুল মাতবরদের কাছে ধরনা দেন। এ নিয়ে ঈদের আগে বৈঠক বসে। সেখানে জহুরুল ও মোবারক ক্ষমা চান। জহুরুলকে সমাজের লোকজনকে খাওয়ানোর শর্ত দেওয়া হয়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় হলিধানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গ্রামটির বাসিন্দা মতিয়ার রহমান। তিনি বলেন, তিনি বৈঠকের পাশে বসে ছিলেন। সিদ্ধান্ত অন্যরা নেন। বৈঠকে জহুরুলই সবাইকে খাওয়াতে চান।
গ্রামটির মাতবর সামছুল ইসলাম বলেন, সমাজের মানুষদের ভালো রাখতেই তাঁরা এটা করে থাকেন। একঘরে করে রাখলে সবাই সমাজের নিয়ম মানতে বাধ্য হন। জহুরুল ও মোবারক হোসেনের ক্ষেত্রেও তা হয়েছে।
এ ব্যাপারে ওই ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, তিনি ওই গ্রামের একজনকে নিয়ে ঝামেলা মীমাংসার বিষয়টি জানতেন। তবে খাওয়ানোর বিষয় জানতেন না। এভাবে কাউকে একঘরে রাখা ঠিক হয়নি।
জহুরুল ইসলাম আবারও সমাজচ্যুত হওয়ার ভয়ে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
ভারপ্রাপ্ত ইউএনও শুভ্রা দাস বলেন, তিনি বিষয়টি জানতেন না। এ ধরনের ঘটনা খুবই অন্যায়।