সেমিনারে টেলিযোগাযোগমন্ত্রী
একচেটিয়া ব্যবসা রুখতে ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত
টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, একচেটিয়া ব্যবসা রুখতে ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেব্ল) লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, পাকিস্তানে ১৪টি ও ভারতে ২৪টি আইটিসি লাইসেন্স দেওয়া হয়েছে। লাইসেন্স দেওয়া নিয়ে একটি মহল মানুষকে ভুল তথ্য দিচ্ছে।গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তড়িৎকৌশল বিভাগীয় কমিটি আয়োজিত ‘থার্ড জেনারেশন (থ্রি-জি) মোবাইল কমিউনিকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে টেলিযোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে রাজিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ খাতের সব সিদ্ধান্তের ক্ষেত্রে মন্ত্রণালয়ের বক্তব্যই চূড়ান্ত। মন্ত্রণালয় যখন ঠিক করেছে টেলিটককে সবার আগে থ্রি-জি লাইসেন্স দেওয়া হবে, তখন তা অবশ্যই দেওয়া হবে। তিনি আরও বলেন, আগের কর্তৃপক্ষের ভুলে টেলিটক পিছিয়ে গেছে। এখন টেলিটককে ঢেলে সাজানো হচ্ছে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আইইবি সভাপতি মো. নুরুল হুদা বলেন, নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে নতুন প্রজন্মকে অবশ্যই দুর্নীতি, সন্ত্রাস ও মাদককে ‘না’ বলতে হবে।টেলিটকের পাশাপাশি অন্য মুঠোফোন অপারেটরদের দ্রুত থ্রি-জি লাইসেন্স উন্মুক্ত করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান অন্য বক্তারা।