একজন অনিল রায়
তখন রাত ১২টা। মৌলভীবাজার শহরের চৌমোহনার একটি ফলের দোকান। দোকানের কর্মচারী অনিল রায় ও আবদুর রাজ্জাক ঝাঁপির বাইরের দিকের ফলগুলো ভেতরে নিয়ে রাখছেন। এ সময় ফলের ফাঁকে একটি ব্যাগ চোখে পড়ে অনিল রায়ের (৫১)। তিনি ব্যাগটি হাতে নিয়ে আন্দাজ করতে পারেন, এর মধ্যে মূল্যবান কিছু রয়েছে।অনিল রায় জানান, তিনি ব্যাগটি নিজে না খুলে পাশেই আরেকটি ফলের দোকানে বসে থাকা দোকানের মহাজন তাহির মিয়ার কাছে নিয়ে যান। তাহির মিয়া আশপাশের আরও দু-একজন দোকানির সামনে ব্যাগটি খুলে দেখেন, ব্যাগের ভেতর ৫০০ টাকার চারটি বান্ডিলে দুই লাখ টাকা, সোনার হার ও ইসলামী ব্যাংকের একটি চেকবই। এটা গত মঙ্গলবার রাতের ঘটনা।জানা গেছে, পরদিন অনিলের মহাজন বিভিন্নভাবে ব্যাগের মালিকের খোঁজ নিতে থাকেন। কিন্তু সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় চেকবই ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় গিয়ে জমা দেন। টাকা ও সোনা মহাজনের কাছে জমা থাকে। এদিন দুপুর ১২টার দিকে ব্যাগের মালিক কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম বড় বাড়ির রাফি-উজ্জামান খান রুহেল এসে খোঁজ নিয়ে জানতে পারেন, টাকা পাওয়া গেছে। এরপর ফলের দোকানের মহা-জনের কাছ থেকে টাকা ও সোনা এবং ব্যাংক থেকে চেকবই বুঝে পান।অনিল রায় গতকাল শুক্রবার বলেন, ‘পরের সম্পদের ওপর আমার কোনো লোভ নাই। আমি গরিব মানুষ। কোনোভাবে জীবন চালাইয়া যারাম ১০০-১৫০ টাকা পাইরাম, এটা দিয়াই বাইচ্চা-কাইচ্চা নিয়া খারাম। তিন লাখ টাকা পাইয়া তো আর বড়লোক অই যাইতাম নায়।’রাফিউজ্জামান খান বলেন, ‘আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। আমার টাকা ও সোনা যেভাবে ছিল, সেভাবেই পেয়েছি। না দিলে কিছু করার ছিল না।’