সিলেটের লাক্কাতুরা এলাকার দলদলি চা-বাগানে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর বাবা বাদশা মিয়া খুনের মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। গতকাল রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বারেক সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বাদশা মিয়াকে ছুরিকাঘাতকারী বখাটে বাবুল মিয়াকে (২৪) একমাত্র অভিযুক্ত করা হয়েছে। বাবুলের বড় ভাই হারুন মিয়াসহ আরও দুই আসামির বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আবদুল বারেক প্রথম আলোকে জানান, অভিযোগপত্র দাখিলের পর আদালত আগামী ৬ ডিসেম্বর অভিযোগের শুনানির তারিখ ধার্য করেছেন।পুলিশ সূত্র জানায়, দলদলি চা-বাগান এলাকার মুসলিম লাইন কলোনির বাসিন্দা ও লাক্কাতুরা চা-বাগানের কর্মচারী বাদশা মিয়া (৫৫) গত ৩১ জুলাই রাতে খুন হন। এ ঘটনায় বাদশা মিয়ার ছেলে মনির মিয়া বাদী হয়ে পরদিন সিলেট কোতোয়ালি থানায় বাবুল, তাঁর বড় ভাই হারুন মিয়া (৫৫), বাবুলের সহযোগী ওই এলাকার বাসিন্দা রুকু মিয়া (৩০) ও সিহাবউদ্দিনকে (২৮) আসামি করে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বাদশা মিয়ার স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে একই এলাকার বাবুল।