
বছর দশেক আগের কথা। ডিসেম্বরের শীতের সকাল। কুয়াশার ঘন সাদা চাদর ভেদ করে সবেমাত্র
সূর্যের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। আমি দাঁড়িয়ে আছি পায়রাবন্দের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’র স্থানীয় কেন্দ্রের সামনের রাস্তায়। আমার সামনে দিগন্তজোড়া ফসলের মাঠ। শীতের সেই কুয়াশাচ্ছন্ন সকালে জমির আল ধরে মিছিল করে এগিয়ে আসছেন নানা রঙের শাড়ি পরা নানা বয়সের অসংখ্য নারী। চোখেমুখে প্রতিজ্ঞা, প্রতিরোধের আগুন। বুঝতে পারলাম, এঁরা সবাই স্থানীয় ভূমিহীন সমিতির সদস্য। বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে রংপুরের পায়রাবন্দে সমাবেশে অংশগ্রহণ করতে এসেছেন। শ্রদ্ধা এবং অপার বিস্ময়ে লক্ষ্য করলাম, এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ছোটখাটো গড়নের সাদা শাড়ি পরা এক নারী। বয়স প্রায় ৭০ বছর—সংগ্রামী এই নারীর নাম ইবেদন বিবি।
কাছে আসতেই স্পষ্ট হলো, তাঁদের প্রত্যেকের হাতে গজারি কাঠের লাঠি। একজনের কাঁধে হাত দিয়ে জানতে চাইলাম, আপনাদের প্রত্যেকের হাতে লাঠি কেন? দৃপ্ত কণ্ঠে জবাব এল, ‘কেন শোনেননি, আমাদের সমাবেশে আসতে জামায়াত নাকি বাধা দেবে।’
দুপুরবেলা স্কুলমাঠে সমাবেশ মঞ্চে ইবেদন বিবি বক্তব্য দিলেন। বলিষ্ঠ কণ্ঠে যুদ্ধাপরাধী গোলাম আযমের ফাঁসির দাবি জানিয়ে যে জ্বালাময়ী বক্তব্য তিনি দিলেন, ঢাকা থেকে আগত অতিথিদের মতো আমিও হতবাক হয়ে গেলাম। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে পুরো সমাবেশ তাঁকে সেদিন অভিনন্দিত করেছিল।
এই সংগ্রামী নারী গত ১২ জানুয়ারি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর এ মৃত্যু আমার মতো অনেককে শোকাহত করেছে। তবে আশার কথা, তিনি রেখে গেছেন তাঁর সংগঠনের অসংখ্য সচেতন সাহসী প্রতিবাদ-প্রতিরোধে উজ্জ্বল নারী কর্মী। যাঁরা তাঁর আদর্শ এবং কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বরাবরের মতো।

৫৮ বছর বয়সে ইবেদন বিবি ভূমিহীন সংগঠনে যোগ দেন। এরপরই শুরু হয় তাঁর সংগ্রামের রাস্তায় নিরন্তর পথ চলা। তাঁর নিজের এবং আশপাশের এলাকায় যেকোনো সংকট, অনিয়ম, বৈষম্য, নারী নির্যাতন, নারী-পুরুষের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, তালাক, বাল্যবিয়ে, বহুবিবাহ প্রতিরোধে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। পিতৃতান্ত্রিকতা এবং পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। নারীকে স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করতে এবং স্বাধীনতাবিরোধী, মৌলবাদী চক্রের বিরুদ্ধে তাঁর লড়াই এবং সংগ্রাম ছিল সারা জীবনের। শুধু মুখের কথায় নয়, নিজের জীবনেও তিনি এসব দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। ইবেদন বিবির বড় ছেলে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করলে তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং সেই পুত্রবধূকে মর্যাদার সঙ্গে নিজের কাছে রেখে তাঁর সঙ্গে সারা জীবন পার করেন। থাউজেন্ড পিসউইমেন অ্যাক্রাস দ্য গ্লোব বইয়ে গ্রন্থিত আছে তাঁর নাম।
বগুড়া জেলার সারিয়াকান্দি থানার শেখাহাতী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিয়ে হয় মাত্র ১১ বছর বয়সে। নিজস্ব কোনো জমিজমা না থাকায় কাঁথা সেলাই এবং ছেলের বন্ধক নেওয়া জমিতে চাষের কাজ করে জীবন অতিবাহিত করেছেন এই ইবেদন বিবি। ছয় ছেলেমেয়ে এবং দশ নাতি-নাতনির বিরাট এক সংসার সামলিয়েও সমাজের জনমুখী কাজ তিনি অবিচল নিষ্ঠার সঙ্গে করে গেছেন। প্রচলিত অর্থে প্রায় অশিক্ষিত অথচ প্রবলভাবে সচেতন, সমাজদরদি এই মানুষটির মৃত্যুতে নিজেরা করি এবং ভূমিহীন সমিতি গভীরভাবে শোকার্ত ও বেদনাহত। তাঁর সংগ্রামের সাথি ও সহকর্মীরা তাঁর আদর্শ এবং অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ থেকে মানুষের অধিকারের পতাকা সমুন্নত রাখতে কাজ করে যাবেন, এটাই আশার কথা।
লেখক: সাংবাদিক ও নারী অধিকার কর্মী