একজন করে শিক্ষকে চলছে ১৫ বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষক সংকটের কারণে প্রাথমিক শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একজন করে শিক্ষক দিয়ে চলছে উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুজন করে চলছে ৩০টি। আর ৩৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে প্রায়ই বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকে।উপজেলার সুরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শিক্ষক ফেরদৌস আহমদ জানান, শারীরিক অসুস্থতা ও বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হলে বিদ্যালয় বন্ধ রাখতে হয়। একই কথা জানিয়ে ২১ জুন দুপুরে উপজেলা সদরের দিঘলবাক (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুভাষ দাস বলেন, ‘শিক্ষা কার্যালয়ের কাজে আজ বাধ্য হয়েই বিদ্যালয় বন্ধ করে আসতে হয়েছে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে এ উপজেলার শিক্ষক-সংকট নিরসনে দু্ই বছরের মধ্যে বদলি হওয়া যাবে না, এমন শর্তে ৯৪ জন বহিরাগত শিক্ষক (যাঁরা উপজেলার স্থায়ী বাসিন্দা নন) নিয়োগ দেওয়া হয়। এরপর এক বছরের মধ্যে তাঁরা নিজ নিজ উপজেলায় বদলি হয়ে যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একইভাবে ২০১০ সালের অক্টোবরে ১০৪ জন শিক্ষক দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ উপজেলায় যোগ দেন। যোগদানের পরের দিনই তাঁরা এক বছরের প্রশিক্ষণে চলে যান।উপজেলায় ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র একজন শিক্ষকের বিদ্যালয়গুলো হলো: উত্তর কালনিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুক্লাম্ভরপুর, বড়ফেচি, সুরতনপুর, জামারগাঁও, জয়দা, আসামপুর, সোনাতনপুর, আউদতপুর বুধরাইল, শাহ কামাল, কাতিয়া, নয়াচিলাউড়া ও হরিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১ জুলাই থেকে প্রশিক্ষণে চলে যাবেন আরও ৩০ জন শিক্ষক।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন জানান, যেসব বিদ্যালয়ে একজন করে শিক্ষক রয়েছেন, কাগজে-কলমে সেসব বিদ্যালয়ে প্রেষণে আরও একজন শিক্ষক দেওয়া হয়েছে।সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান বলেন, ‘জগন্নাথপুরের শিক্ষক-সংকট দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, যোগ্যতার ভিত্তিতে এবার স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগ করা হবে।’