একজন কৃষক এবং বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সত্তরবাড়ী গ্রামের সেচযন্ত্রের মালিক আবদুর রউফের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ এক লাখ দুই হাজার টাকা। কয়েক বছর ধরে তিনি বিল পরিশোধ করেন না। তার পরও তাঁর সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। একনাগাড়ে দুই মাস বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার আইন আছে।লাখ টাকা বাকি রেখে বিদ্যুতের সংযোগ টিকিয়ে রাখা যাচ্ছে কীভাবে, তা অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, সংযোগটি কাগজে-কলমে আবদুর রউফের নামে হলেও সেচযন্ত্রটি পরিচালনা করেন ঘাটাইল বিদ্যুৎ বিভাগের লাইনম্যান এস এম খলিলুর রহমান এবং কে এম কায়সার। বিদ্যুতের গ্রাহক আবদুর রউফের স েএকটি চুক্তিনামার ভিত্তিতে তাঁরা ১০ বছরের জন্য সেচযন্ত্রটি ইজারা নিয়েছেন। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর ১৫০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত ওই চুক্তিনামা থেকে জানা যায়, কে এম কায়সার এবং এস এম খলিলুর রহমান বিদ্যুৎ-সংযোগের ব্যবস্থা করে দেবেন। বিনিময়ে তাঁরা ১০ বছর এই সেচযন্ত্রের আওতায় কৃষকদের চাষ করা ফসলের চার ভাগের এক ভাগ নেবেন। ২০০৭ সালে আবদুর রউফ সংযোগ পান। তাঁর ২০১১ সালের সেপ্টেম্বরের আগের বকেয়া পড়েছে ৪৭ হাজার টাকা। আর ২০১১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়া পড়েছে আরও প্রায় ৫৫ হাজার টাকা। চুক্তি অনুযায়ী সব বিল কায়সার ও খলিলুর রহমানের দেওয়ার কথা থাকায় আবদুর রউফ কোনো দিন বিলের খোঁজ নেননি। সম্প্রতি আবদুর রউফের নামে ঘাটাইল কার্যালয় থেকে বিল এলে বিষয়টি তাঁর নজরে আসে।আবদুর রউফ বলেন, ‘সংযোগ নিতে অনেক ঝামেলা। বিপুল অঙ্কের টাকা ঘুষ না দিলে সংযোগ পাওয়া যায় না। তাই এই প্রক্রিয়ায় সংযোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘বিদ্যুতের বিল কায়সার ও খলিলুরের দেওয়ার কথা। আর বিদ্যুৎ কার্যালয় থেকেই ওই দুজন আমার নামে করা বিল নিয়ে রাখতেন। তাঁই বিল বকেয়া পড়ার বিষয়টি তিনি জানতে পারেননি।এভাবে সংযোগ চালানোর ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে সত্তরবাড়ী গ্রামের মজিবুর রহমান নামে এক গ্রাহক বলেন, ‘একেই বলে বাতির নিচে অন্ধকার।’বিদুৎ বিভাগের কর্মীরা চুক্তি করে এভাবে বিদ্যুতের ব্যবসা করতে পারেন কি না, তা জানতে চাইলে গত রোববার ঘাটাইলের আবাসিক প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, এটার কোনো সুযোগ নেই। যে-ই বিদ্যুৎ ব্যবহার করুক না কেন, দুই মাসের বেশি বিল বকেয়া হলে সংযোগ বিচ্ছিন্ন করার বিধান আছে। সংযোগ কেন বিচ্ছিন্ন হয়নি, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে, সংযোগটি বর্তমানে বিচ্ছিন্ন।’তবে গত সোমবার দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, সংযোগটি এখনো চালু আছে। এ ব্যাপারে কে এম কায়সার এবং এস এম খলিলুর রহমানের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন ধরেননি।