একজন গ্রেপ্তার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ইসরাফিল হোসেন (৬০) হত্যার ঘটনায় মো. লিটন ওরফে কাটা লিটন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই হত্যার ঘটনায় গত সোমবার পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করার কথা জানালেও তাঁর পরিচয় প্রকাশ করেনি।
ইসরাফিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল বলেন, লিটনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, লিটন রেলওয়ের কর্মচারী নন। তবে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁর সম্পর্ক আছে। তিনি রেলওয়ের বিভিন্ন কর্মকর্তার কক্ষে যাতায়াত করতেন।
গত শুক্রবার রাতে কমলাপুর স্টেশনের টিকিট ঘরে খুন হন ইসরাফিল।