কুষ্টিয়ায় তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় কুমারখালী থানায় দায়ের করা হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা পুলিশ।এ ঘটনায় সন্ত্রাসীদের ব্যবহূত নৌকাটি পাবনায় পদ্মা নদীর একটি চর থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই চেয়ারম্যানের লাশ পাওয়া যায়নি।এদিকে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি গতকাল রোববার কুষ্টিয়া বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম প্রকাশ করেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, কুষ্টিয়া পুলিশের কয়েকটি দল পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালায়। ঘটনার দিন নৌকায় থাকা চেয়ারম্যানের সহযোগী আবজাল হোসেন পুলিশের হেফাজতে আছেন। তিনি ওই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন। হত্যাকাণ্ডের সময় নৌকায় থাকা আরও তিনজনের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যার মিশনে থাকা একজনকে শনিবার পাংশা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে শিলাইদহ খেয়াঘাটে পদ্মা নদীতে নৌকার ওপর সাত-আটজন অস্ত্রধারী সন্ত্রাসী খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, আমবাড়িয়া গ্রামের আনসার আলী ও মনিরুল ইসলামকে গুলি এবং জবাই করে হত্যা করে।