একজন গ্রেপ্তার অস্ত্র উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় লিটন আলী (২০) নামের একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার নিমতলা-পাহাড়পুর সেতুর কাছে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি এলজি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। লিটন উপজেলার তালবাড়িয়া গ্রামের রঞ্জিত মণ্ডলের ছেলে। মিরপুর থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে লিটন একটি অস্ত্র নিয়ে ওই সেতুর কাছে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ তাঁকে ধরে ফেলে। এ সময় লিটনের কাছ থেকে ওই অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, লিটনের বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।