মেহেরপুরের গাংনী উপজেলায় তিনজন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ দিয়ে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। তাঁদের একজনকে এরই মধ্যে চাকরিচ্যুত করে বেতনের ফেরত দিতে বলা হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষক আহসান হাবিব, জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বিল্লাল হোসেন এবং পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক সামিনা আক্তার।
জেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, আহসান হাবিব ও বিল্লাল হোসেন ২০১০ সালে এবং সামিনা আক্তার ২০১১ সালে বেতনভুক্ত হন। ওই শিক্ষকদের নিবন্ধন সনদ জাল হওয়ার বিষয়টি ফাঁস হলে জেলা শিক্ষা কার্যালয় প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। ২০১১ সালের ৬ নভেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা ওই তিন শিক্ষকের জাল নিবন্ধন সনদের বিষয়টি উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেন। এ পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৬ জানুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামিনা আক্তারকে চাকরিচ্যুত করে তাঁর কাছ থেকে বেতনের অর্থ ফেরত এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়।
জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সামিনাকে চাকরিচ্যুত করে বেতনের টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে চিঠি দেওয়া হয়েছে। অভিযুক্ত অপর দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গাংনী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় সামিনাকে তিনি ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করে বেতনের অর্থ ফেরত দেওয়ার জন্য পত্র দিয়েছেন।
চিৎলা মাধ্যমিকের প্রধান শিক্ষক আফসার আলী ও জোড়পুকুর বিদ্যালয়ের হাসান আল নূর আলী বলেন, তাঁদের দুই শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ জমা দেওয়ার অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষক সামিনা আক্তার বলেন, জাল সনদের দায়ে তিনি চাকরিচ্যুত হয়েছেন। এটা নিয়ে তিনি আইনি যুদ্ধে যেতে চান না। তবে শিক্ষক আহসান হাবিব বলেন, ‘আমার বিরুদ্ধে জাল সনদের অভিযোগ মিথ্যা। মেহেরপুর-২ আসনের (গাংনী) সাংসদ আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন আমার আপন চাচাতো ভাই। সাংসদের সুপারিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’ অপর শিক্ষক বিল্লাল হোসেন দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ষড়যন্ত্রমূলক।