একজন চিকিৎসক দিয়ে চলছে শিশু স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক শিশুকে মানিকগঞ্জ সদর হাসপাতালে মাত্র একজন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এতে শিশুরা সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা শ্বাসকষ্ট, সর্দি-জ্বর, কাশি ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে হাসপাতালে এসব রোগে আক্রান্ত শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে। প্রতিদিন শতাধিক শিশুকে নিয়ে অভিভাবকেরা হাসপাতালের বহির্বিভাগে সেবা ও পরামর্শ নিতে আসছেন। হাসপাতালে শিশু ওয়ার্ডে রয়েছে ১৪টি আসন। আছেন মাত্র একজন শিশুবিশেষজ্ঞ কিসওয়ার সিলভানা। কখনো বহির্বিভাগে শিশুদের ব্যবস্থাপত্র, কখনো শিশু ওয়ার্ডের শিশুদের সেবা দিতে হচ্ছে তাঁকে।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, কিসওয়ার সিলভানার কক্ষের সামনে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়েও দেখা গেছে শিশু ও অভিভাবকদের চাপ। সারিতে দাঁড়িয়ে থাকা মোয়াজ্জেম হোসেন জানান, দুই দিন ধরে সর্দি-জ্বর হওয়ায় মেয়েকে কিছুই খাওয়ানো যাচ্ছে না। চিকিৎসককে দেখানোর জন্য এক ঘণ্টা ধরে তিনি দাঁড়িয়ে আছেন।
এসব বিষয়ে কিসওয়ার সিলভানা জানান, শীতে সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এসব রোগ থেকে রক্ষায় তাদের গরম পোশাক পরিহিত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও উষ্ণ স্থানে রাখতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন শাহ আলম জানান, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণের কাজ শেষ হলে এসব সমস্যা কেটে যাবে।