একজন চিকিৎসক দিয়ে চলছে কিডনি ডায়ালাইসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীর রক্ত পরিসঞ্চালনের (ডায়ালাইসিস) চিকিৎসা। এতে রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে রয়েছে স্থানসংকটও।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে নেফ্রোলজি বিভাগ থাকলেও পৃথক কোনো ওয়ার্ড নেই। ভবনের দোতলায় দুটি কক্ষে ১৬টি শয্যা রয়েছে। প্রতিটি শয্যার সঙ্গে রয়েছে রক্ত পরিসঞ্চালনযন্ত্র। দুটি কক্ষের একটিতে ১২টি এবং অন্যটিতে চারটি যন্ত্র ও শয্যা রয়েছে। এখানে প্রতিদিন ৫০-৬০ জন রোগীর ডায়ালাইসিস চলে বলে জানা গেছে। প্রতি রোগীর ডায়ালাইসিস করতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। একজন মাত্র সহকারী অধ্যাপক দিয়ে চলছে রোগীদের চিকিৎসাসেবা। সেই সঙ্গে রয়েছেন একজন চিকিৎসা কর্মকর্তা। এখানে সেবিকা ১৩ জন, কর্মচারী ছয়জন ও টেকনিশিয়ান দুজন রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, ১৬টি শয্যায় রোগীদের রক্ত পরিসঞ্চালন চলছে। এ সময় বাইরে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন রোগী। এদিকে শয্যার পাশে রোগীর স্বজনদের বসার কোনো জায়গা নেই। কিডনি রোগীর ডায়ালাইসিস করতে রোগীর পাশে স্বজনদের উপস্থিতি খুবই প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু খুব একটা জায়গা না থাকায় এ ব্যবস্থা করা সম্ভব হয়নি।
হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মোবাশ্বের আলম বলেন, হাসপাতালে কোনো পৃথক ওয়ার্ড নেই। এ ছাড়াও চিকিৎসকের সংকটও আছে। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে।