একজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম চলছে মাত্র একজন চিকিৎসক দিয়ে। স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের মধ্যে ছয়জনের পদায়ন থাকলেও দায়িত্ব পালন করছেন একজন চিকিৎসক। অন্য চিকিৎসকেরা কেউ কেউ অনুপস্থিত, কেউ বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজেই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সিভিল সার্জন তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
সরেজমিনে গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, কোনো চিকিৎসক নেই। শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিচ্ছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তারা। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, একজন মাত্র চিকিৎসক কর্মরত আছেন। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগ থেকে ১১৭ জন রোগী নিবন্ধন নিয়েছেন। অন্তর্বিভাগে ভর্তি আছেন নয়জন রোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের দরজা-জানালা খোলা থাকলেও তিনি কার্যালয়ে নেই। চলতি বছরের জুলাই মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ডা. নাজিম উদ্দিন যোগদান করার পর থেকেই অনুপস্থিত রয়েছেন। তাঁকে খাগড়াছড়ির সিভিল সার্জন ১২ ও ১৬ অক্টোবর কর্মস্থলে অনুপস্থিতির কারণে দুটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
গত বছরের ১৬ জুন গাইনি বিভাগে জুনিয়র পরামর্শক হিসেবে শামীমা হোসেন খান নামের একজন চিকিৎসক যোগদান করলেও তিনি দায়িত্ব পালন না করেই মাসে মাসে বেতন উত্তোলন করেন। গত ২৮ আগস্ট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এ ব্যাপারে অভিযোগ উত্থাপিত হয়। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সভার ৬ নম্বর সিদ্ধান্তে উল্লেখ করা হয়। চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার কবীর এক বছরের ছুটিতে আছেন, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ত্রিলোক চাকমা দুই মাসের প্রশিক্ষণে আছেন, চিকিৎসা কর্মকর্তা ইলিন ফেরদৌস ওএসডি এবং মাতৃকালীন ছুটিতে আছেন। দন্ত চিকিৎসক নিউটন চাকমা ছেলের অসুস্থতার কারণে ছুটিতে আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন চিকিৎসা কর্মকর্তা সোলেমান রাজন।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসা কর্মকর্তা সোলেমান রাজন বলেন, ‘সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত আমি অর্ধশতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছি। অন্তর্বিভাগের রোগীদের দেখতে হচ্ছে। জরুরি বিভাগের রোগীদেরও দেখতে হচ্ছে। আবার বহির্বিভাগের রোগীদেরও সেবা দিতে হচ্ছে।’ তবে তিনি অন্য চিকিৎসকদের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘আমি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার জন্য বারবার সিভিল সার্জনকে তাগাদা দিয়েছি। উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বলেছি, চিকিৎসকদের থাকার সমস্যা হলে প্রয়োজনে আমি নিজের বাসা ছেড়ে তাঁদের থাকতে দেব। তবু উপজেলাবাসী চিকিৎসাসেবা থেকে যেন বঞ্চিত না হয়।’
এ প্রসঙ্গে খাগড়াছড়ির সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ বলেন, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিনের অনুপস্থিতির জন্য তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কোনো চিকিৎসক নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।