একজন চিকিৎসকে চলছে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের পদ রয়েছে নয়টি। এর বিপরীতে কার্যত চিকিৎসক নেই একজনও। প্রেষণে আসা কেবল একজন চিকিৎসক দিয়ে চলছে পুরো চিকিৎসা কার্যক্রম। এই পরিস্থিতি জামালপুরের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের। তাই রোগীরা ন্যূনতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।এদিকে গত ২ জুন কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারদলীয় স্থানীয় সাংসদ ও হুইপ মির্জা আজম ১৫ দিনের মধ্যে সব শূন্য পদে চিকিৎসক নিয়োগের আশ্বাস দেন। কিন্তু মাস পেরিয়ে গেলেও একজন চিকিৎসকের পদও পূরণ হয়নি। এ ছাড়া অন্য লোকবলের অভাব তো রয়েছেই।সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগীর প্রচণ্ড ভিড়। সম্প্রতি প্রেষণে আসা একজন নারী চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই চিকিৎসক বহির্বিভাগ, অভ্যন্তরীণ ও জরুরি বিভাগের রোগীদের একাই দেখছেন।রুবিনা নামের এক রোগী অভিযোগ করেন, এখানে মাত্র একজন চিকিৎসক। তাঁকেও সময়মতো পাওয়া যায় না। এতে অনেকে এখানে এসেও চিকিৎসা না পেয়ে বাড়ি ফেরত যায়। কেউ কেউ চিকিৎসা নিতে জামালপুর শহর কিংবা মেলান্দহের হাসপাতালে যাচ্ছে। তা ছাড়া ওয়ার্ডে রোগীদের বিছানার চাদর, কম্বল ও মশারিগুলোও ব্যবহারের প্রায় অনুপযোগী। অপর কয়েকজন রোগী অভিযোগ করেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এখানে কোনো জেনারেটর দেওয়া হয়নি। ফলে রাতে লোডশেডিং হলে গোটা কমপ্লেক্সে ভুতুড়ে অবস্থা বিরাজ করে। খাবার নিয়েও রয়েছে নানা অভিযোগ। নিম্নমানের খাবার সরবরাহের কারণে বাড়ি থেকে রোগীদের খাবার আনতে হয়। কমপ্লেক্সটির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী বলেন, এখানে সমস্যার শেষ নেই। প্রতিদিন শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি হয়। অনেককে মেঝেতেই ঠাঁই নিতে হয়। তা ছাড়া খাবারের তালিকা অনুযায়ী, সপ্তাহে চার দিন মাংস, দুই দিন বড় মাছ ও এক দিন নিরামিষ দেওয়ার কথা থাকলেও রোগীদের ছোট মাছ, ডাল এবং খুবই নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। খাবার সরবরাহের দায়িত্ব নেওয়া ঠিকাদার ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘রোগীরা মিথ্যা অভিযোগ করেছেন। আমি তালিকা অনুযায়ীই খাবার সরবরাহ করে থাকি।’ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম মতিউর রহমান বলেন, ‘চিকিৎসকশূন্যতাই এখানকার মূল সমস্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে শূন্য পদ পূরণ করা না হলে চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থা আরও বাড়বে। আর খাবারের অভিযোগও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ জেলা সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে বলেন, কমপ্লেক্সে শিগগিরই চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। চাকরিবিধি অনুযায়ী অ্যাডহকে নিয়োগ পাওয়া চিকিৎসকদের প্রথম কর্মস্থলে কমপক্ষে দুই বছর থাকার কথা। কিন্তু এখান থেকে চিকিৎসকেরা বিধি লঙ্ঘন করে বদলি হয়ে গেছেন।