একজন চিকিৎসা সহকারী দিয়ে চলছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। এ ছাড়া ওষুধসহ রয়েছে নানা সমস্যা।দৌলতপুর গ্রামের প্রবীণ কুমার বলেন, বেশির ভাগ সময় এ হাসপাতালে ওষুধ পাওয়া যায় না। যারা একটু অবস্থাপন্ন, তারা এখানে আসে না। গরিব মানুষ বাধ্য হয়ে এখানে আসে। একজন চিকিৎসা সহকারী থাকলেও ঠিক সময় অফিসে আসেন না।জর্দ্দিপাড়া গ্রামের ময়না খাতুন (৩৬) ও থানাপাড়া গ্রামের সিদ্দিকা খাতুন (৩১) আক্ষেপ করে বলেন, ‘এ হাসপাতাল থাকি লাভ কী? এটে তো কোনো ডাক্তার থাকে না, অষুধ পাওয়া যায় না। হামার অসুখ-বিসুখ হইলে চিকিৎসা নিবার যাবার নাগে শহরত।’ খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭০ সালে স্থাপিত এ উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন চিকিৎসা সহকারী, একজন র্ফামাসিস্ট ও একজন পিয়ন থাকার কথা; কিন্তু আছেন শুধু একজন চিকিৎসা সহকারী।৬ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, উপস্বাস্থ্যকেন্দ্রে নেই সাইনবোর্ড ও প্রয়োজনীয়সংখ্যাক চেয়ার-টেবিল। ভবনের পেছনের দেয়াল উত্তর দিকে হেলে আছে। ইট-সুরকি খসে পড়েছে। দরজা-জানালাও ভাঙা। ভবনের ওপরের টিনে অসংখ্য ফুটো। পানির অভাবে টয়লেট নোংরা ও দুর্গন্ধে ভরা। চিকিৎসা সহকারী নাজমুল হক বলেন, ‘আমি সকালে এসে হাসপাতালের তালা খুলে ঝাড়ু দিই। পরে রোগী দেখে ওষুধ দিই। এখানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন রোগী আসে। একা চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। তা ছাড়া এখানে বাস করার মতো কোনো পরিবেশও নেই।’তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল হক বলেন, ‘এই উপস্বাস্থ্যকেন্দ্রের সমস্যা একাধিকবার লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃকপক্ষকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। তবে এ কেন্দ্রের জন্য নির্দিষ্ট ওষুধ বরাদ্দ দেওয়া আছে। এর চেয়ে বেশি ওষুধ দেওয়া সম্ভব নয়।’