একজন জামিলুর রেজা চৌধুরী স্যার

গণিত অলিম্পিয়াডের সঙ্গে পরিচয় সেই প্রাথমিক বিদ্যালয় পার করার পর থেকেই। তখন থেকেই দুটি নাম আমার মুখস্থ, জামিলুর রেজা চৌধুরী স্যার ও জাফর ইকবাল স্যার। এই দুজন মানুষকে টিভির পর্দা ছাড়া কখনো দেখার সৌভাগ্য হয়নি। বিদ্যালয়ের বড় ভাইয়েরা একবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষাসফরে, সেখানে জাফর ইকবাল স্যারের সঙ্গে ছবি উঠেছে। সেই ছবি দেখতাম আর হিংসা হতো; ইশ, আমি যদি এ রকম একটা ছবি তুলতে পারতাম!
এসএসসি পাস করার পর যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হলাম। ২০১৪ সারে যশোর অঞ্চলের গণিত অলিম্পিয়াডের বিশাল পোস্টার দেখলাম প্রথম আলোতে। যশোর বন্ধুসভার অফিসে গিয়ে সবার আগে রেজিস্ট্রেশন করে ফেললাম, এই আশাতে এইবার যদি জামিলুর রেজা চৌধুরী স্যার বা জাফর ইকবাল স্যার আসেন, তাহলে মনের সুপ্ত বাসনাটা পূরণ করব। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।
২০১৮ সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হওয়ার সৌভাগ্য হয়েছিল। বিচারকার্য শেষে স্যারের সঙ্গে একবার দেখা করার মন স্থির করলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।
স্যারের অনেক কাছে গিয়েও একবারও স্যারের সান্নিধ্য না পাওয়ার মনোযন্ত্রণা হয়তো আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। মাসিক বিজ্ঞানচিন্তা, গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড প্রতিটি শাখায় বিচরণ করেছি আর স্যারের দেওয়া রত্নভান্ডারগুলো অবলোকন করার চেষ্টা করেছি। আজ যখন খবরে স্যারের বিদায়ের খবরটা শুনলাম, কিছুক্ষণের জন্য হলেও বিশ্বাস করতে পারছিলাম না, মনে হচ্ছিল স্যার মাইক্রোফোন হাতে বলছেন ‘মিথ্যা, মাদক, মুখস্থ’ তিন ম থেকে দূরে থাকো অথবা বলছেন, গণিত শেখো, স্বপ্ন দেখো। একজন বাঙালির নোবেল পাওয়ার যে অস্পর্শ স্বপ্ন নিয়ে স্যার চলে গেলেন, একদিন স্যারের পদচিহ্নে হেঁটেই কোনো এক বাঙালি সেই নোবেল পাবেন আর স্যারকে উৎসর্গ করবেন, সেই আশা আমাদের।
*শিক্ষার্থী: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।